সাতক্ষীরা :সাতক্ষীরার তালায় এক কাঠ ব্যবসায়ী নুর ইসলামকে হাত-পা ভেঙে দেওয়া, মোটর সাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকির পরদিন বিচালী গাদা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইসতাপ মোড়ল নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এই ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত ও রাজনৈতিক ফায়দা নিতে অভিযুক্ত ইসতাপ মোড়ল এবার নুর ইসলামের বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগ তুলে আবারও হাত-পা ভাঙার হুমকি দিয়েছেন প্রকাশ্যে। শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় তালা সদরের ডাঙ্গানলতায় প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির কথিত এক প্রতিবাদ সভায় এমন হুমকি দেন ইসতাপ মোড়ল।
এই প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন চরমপহ্নি নেতা, অস্ত্র, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ অর্ধশত মামলার আসামী শেখেরহাট গ্রামের রিয়াজুল ইসলাম, তালা সদরের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফারুক জোয়ার্দ্দার, তালা উপজেলা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু, তালার কথিত ছাত্রদল নেতা রিপন সরদারসহ আরও ১৫-২০ জন।
ক্ষতিগ্রস্থ কাঠ ব্যবসায়ী নুর ইসলাম তালা সদরের ডাঙ্গানলতা গ্রামের আবুল সরদারের ছেলে। অভিযুক্ত ইসতাপ মোড়ল একই গ্রামের মৃত. শহিদুল মোড়লের ছেলে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতিসহ একাধিক অভিযোগ রয়েছে। চব্বিশের ৫ আগষ্ট পরবর্তী বিএনপি কর্মী বলে নিজেকে পরিচয় দেন ইসতাপ মোড়ল।
ডাঙ্গানলতা গ্রামের নুর ইসলাম জানান, গেল ৫ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে উত্তর ডাংগানলতা গ্রামের সিরাজুল ইসলামের চায়ের দোকানে চা পান করছিলাম। সেখানে গ্রামের আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ সময় ইসতাপ মোড়ল, জিহাদ মালী, মোসলেম হালদার আমার হাত-পা ভেঙে ফেলা, মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকি দেয়। পরদিন সকালে দেখি আমার বিচালি গাদায় আগুন জ্বলছে। আমার ধারণা, আগের দিনের হুমকির সঙ্গে এ অগ্নিকাণ্ডের যোগসূত্র থাকতে পারে।
একদিকে, এই ঘটনার পর এবার কাল্পনিক অভিযোগ তোলা হয় ক্ষতিগ্রস্থ নুর ইসলামের বিরুদ্ধে। তার বিরুদ্ধে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগ তুলে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে ইসতাপ মোড়লসহ উপস্থিত থাকা ব্যক্তিরা। প্রতিবাদ সভার বক্তব্যে আবারও নুর ইসলামের হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। তালা সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলামকে জড়িয়েও বিষেদাগার করা হয় কথিত ওই প্রতিবাদ সভায়।
তালার থানার ওসি আব্দুল আলীম বলেন, বিচালী গাদায় আগুন দেওয়ার ঘটনাটি আমাকে কেউ অবহিত করেনি। আজ সন্ধ্যায় ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
