সাতক্ষীরার ধুলিহরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ
মোস্তাকীম হোসাইন, সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদর উপজেলার ৮ নং ধুলিহর ইউনিয়নের বিভিন্ন মন্দিরে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতৃবৃন্দ। বুধবার (১৪ অক্টোবর) ইউনিয়ন বিএনপি’র এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় মণ্ডপগুলোতে উপস্থিত সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন ৮ নং ধুলিহর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ধুলিহর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী জনাব ফারুক হোসেন মিঠু।
ফারুক হোসেন মিঠুর সফর সঙ্গী হিসেবে আরও উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক মোল্লা এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম। এ সময় দলটির অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে ফারুক হোসেন মিঠু বলেন, বিএনপির চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রতিটি ধর্মাবলম্বী তাদের উৎসব স্বাধীনভাবে উদযাপন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের সাথে নিয়ে সম্প্রীতি বজায় রাখার এবং আসন্ন নির্বাচন সামনে রেখে ইউনিয়নের মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সাথে সাথে পূজা কমিটির নেতৃবৃন্দ বিএনপি নেতৃবৃন্দের এই আগমনকে স্বাগত জানিয়েছেন বলে জানাগেছে।
