কেশবপুর শহরের ফুটপাত দখলমুক্ত করতে
উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর পৌর শহরের বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। পৌর শহরের যানজট নিরসন এবং পথচারীদের চলাচলের পথ সুগম করার জন্য ফুটপাতে গড়ে ওঠা অবৈধ ও অস্থায়ী দোকানপাট অপসারণ এবং ফুটপাত দখলমুক্ত করার লক্ষ্যে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
শনিবার (১০ অক্টোবর-২৬) সকাল থেকে শুরু দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।
এ ব্যাপারে পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা আইনগত অপরাধ। শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করার লক্ষে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। পৌর শহরের মহাসড়কের উপর যন্ত্রতন্ত্র গাড়ী পার্কিং এবং দু’পাশের ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌর শহরের ফুটপাতের সকল অবৈধ স্থাপনা অপসারণ করা হবে। ব্যবসায়ীরা নিজ উদ্যোগে ফুটপাত থেকে তাদের অবৈধ স্থাপনা বা দোকানপাট সরিয়ে না নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ স্থাপনা অপসারণ এবং দখলবাজদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, পৌর নির্বাহী কর্মকর্তা আবু ফজল মোঃ এনামুল হক, ন্যাশনাল প্রেস সোসাইটি গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুলসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ, থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ছবিঃ
১০/১০/২৬
