- গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর উদ্যোগে মতবিনিময় সভা, উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান
মোঃ শিহাব উদ্দিন
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জে বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবীণ রাজনীতিবিদ সাইফুর রহমান নান্টুর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি, জনসাধারণের সমস্যা সমাধান এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা করা হয়।
আজ শনিবার (১০ অক্টোবর) দুপুরে সাহাপুর বৌলতলী সম্মিলিত উচ্চ বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাইফুর রহমান নান্টু বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সামাজিক অগ্রগতি নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও জনসম্পৃক্ততার বিকল্প নেই। বিশেষ করে তরুণ সমাজের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং এলাকার মানুষের কল্যাণে তিনি সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ব্যক্তিরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং জনস্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। এ সময় স্থানীয় মানুষের প্রত্যাশা ও সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরিফ রাফিকুজ্জামানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তিরা এলাকার সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনকল্যাণে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
