সিংড়ায় গোটিয়া মহিষমাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মতবিনিময় সভা
কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ৫নং চামারী ইউনিয়নের গোটিয়া মহিষমাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি মো. রমিজুল করিম সভাপতিত্ব করেন।
সভায় উপস্থিত ছিলেন চামারী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. রওশন আরেফিন, ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি মো. হারুনুর রশিদ, ওয়ার্ড মেম্বার মো. আশরাফুল ইসলামসহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় সুধীজন।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মান বৃদ্ধি এবং সুন্দর ও গঠনমূলক শিক্ষার পরিবেশ তৈরিতে ম্যানেজিং কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষক, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও স্থানীয় সুধী সমাজের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
