মোহনগঞ্জের “ভাটি বাংলা হাইস্কুলে” অভিভাবক সমাবেশ
হাওরাঞ্চল প্রতিবেদক
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার “ভাটি বাংলা হাইস্কুলে” শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার দুপুরে উপজেলার হাওরাঞ্চল খ্যাত গাগলাজুর ইউনিয়নের ধনু ও কংস নদের মোহনায় অবস্থিত ওই বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে বিদ্যালয়ের সভাকক্ষে এ অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি গোলাম মোক্তাদিরের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সিরাজ উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমরুল হাসান চৌধুরী, শিক্ষক মাফরোজা খানম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদল মির্জা, উপজেলা বিএনপির সদস্য মাহে আলম, শিক্ষানুরাগী ওয়াসিম আহমেদ, আক্কাস মিয়া, আবুল খায়ের, শিক্ষার্থী অভিভাবক সোহেল মিয়া, ফামিদা আক্তার, বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী অম্লান হাসান প্রমূখ।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকগণের সার্বক্ষনিক ভুমিকা রাখার উপর গুরুত্বারোপ করার পাশাপাশি
শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষকদের সাথে অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখা, শিক্ষার্থীদের নৈতিক বিকাশ সাধনে অভিভাবকদের পরামর্শ প্রদানসহ
বাড়িতে সন্তানের পড়াশোনার খবরা-খবর রাখার ব্যাপারে অভিভাবকগণের ভুমিকা অপরিসীম বলেও মন্তব্য করেন বক্তারা ।
