মোহনগঞ্জে বিদ্যুৎস্পর্শে ধর্মপাশার ডেকোরেটর কর্মচারীর মৃত্যু
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের অনুষ্ঠানে ডেকোরেটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মো. আমিরুল ইসলাম (২৮) নামে এক ডেকোরেটর কর্মচারীর মৃত্যু হয়েছে।
শনিবার রাত দশটার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের বরান্তর গ্রামে এ দুর্ঘনাটি ঘটে।
নিহত ডেকোরেটর কর্মচারী আমিরুলের বাড়ি পাশের সুনামগঞ্জের ধর্মপাশা সদর ইউনিয়নের দশধরী গ্রামে। তিনি ওই গ্রামের বকুল মিয়ার ছেলে।
ধর্মপাশা সদর ইউনিয়নের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রবিবার বাদ জোহর স্থানীয় গফুরের নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে নিহত আমিরুল ইসলামের জানাজার নামাজ শেষে গ্রামের কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলা সদরের দশধরী গ্রামের বকুল মিয়ার ছেলে আমিরুল ইসলাম গত প্রায় দেড় বছর যাবত ধর্মপাশা সদরের পশ্চিম বাজারে অবস্থিত “জিকু ডেকোরেটর” নামে একটি প্রতিষ্ঠানে কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। গত শনিবার সকালে তিনি ডেকোরেটরের সরঞ্জামাদি নিয়ে পাশের মোহনগঞ্জ উপজেলার বরান্তর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠানে কাজ করতে যান। সেখানে ওই রাত দশটার দিকে আলোকসজ্জার কাজ করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পর্শে গুরুতর আহতাবস্থায় মাটিতে লুটে পড়েন। পরে ওই বিয়ে বাড়ির লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, নিহতের পরিবারে আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রবিবার সকালে তার মরদেহ দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।###
ছবি- বিদ্যুৎস্পর্শে নিহত আমিরুল ইসলাম।
চয়ন চৌধুরী
মোহনগঞ্জ, নেত্রকোনা
০১৭১৮-৭৫৫৭৭১
২৭-০৯-২০২৬ ইং।
