ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের কমিটি গঠন
আহ্বায়ক মোল্যা মনিরুল, সদস্য সচিব গাজী আব্দুল আজিজ
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনার ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালনের জন্য ১৩ সদস্যের উদযাপন কমিটি গঠন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা কার্যালয়ে সংগঠনের আলোচনা সভায় সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল।
নবগঠিত কমিটিতে মোল্যা মনিরুল ইসলামকে আহ্বায়ক এবং গাজী আব্দুল আজিজকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন—শেখ এনায়েত হোসেন, জাহাঙ্গীর আলম মুকুল, শেখ রবিউল ইসলাম, জুলফিকার আলী ভুট্টো, মো. মোক্তার হোসেন, মো. মহসিন খান, মো. আব্দুল্লাহ খান, আব্দুল হক লিটন, মো. হুসাইন খান, মো. মহিতুর রহমান ও খান আরিফুজ্জামান নয়ন।
সভায় আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। দিবসটি সরকারি নির্দেশনা ও সংগঠনের নিজস্ব কর্মপরিকল্পনা অনুযায়ী পালনের পাশাপাশি জনসচেতনতামূলক প্রচার, ট্রাফিক আইন মেনে চলতে উদ্বুদ্ধকরণ এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় বিভিন্ন কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়।
সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা শুধু প্রাণহানিই ঘটায় না, এর প্রভাব একটি পরিবার ও সমাজকে দীর্ঘমেয়াদি দুর্ভোগের মধ্যে ফেলে। অতিরিক্ত গতি, অসচেতনভাবে গাড়ি চালানো, ট্রাফিক আইন অমান্য ও অনিয়মিত যানবাহন চলাচলসহ বিভিন্ন কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। দুর্ঘটনা কমাতে চালক, পথচারী, যাত্রী, পরিবহন মালিক ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।
তারা আরও বলেন, আইন প্রয়োগের পাশাপাশি সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বাড়ানো জরুরি। বিশেষ করে শিক্ষার্থী, পথচারী, মোটরসাইকেল চালক ও গণপরিবহনের চালকদের মধ্যে ধারাবাহিক প্রচার-প্রচারণার মাধ্যমে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
সভায় নিসচা উপজেলা শাখার কোষাধ্যক্ষ সাহারুজ্জামান সবুজ, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক এম এ জলিল, দপ্তর সম্পাদক আব্দুর রহমান বেপারী, সমাজকল্যাণ সম্পাদক আলমগীর হোসেন, কার্যকরী সদস্য জিএম জাকির হোসেন, জিয়াউর রহমান, হেদায়েত, জুয়েল বিশ্বাস, সাংবাদিক আশরাফুল আলম ও মুজাহিদুল ইসলাম সেতুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিসচা নেতৃবৃন্দ জানান, জাতীয় নিরাপদ সড়ক দিবসকে সামনে রেখে ডুমুরিয়ায় জনসচেতনতামূলক প্রচারসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ জনগণকে সম্পৃক্ত করে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।
২৬ সেপ্টেম্বর ২০২৬
ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবসের কমিটি গঠন আহ্বায়ক মোল্যা মনিরুল, সদস্য সচিব গাজী আব্দুল আজিজ
