১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

Date:

Share:

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

​কয়রা (খুলনা):আলামিন

খুলনার উপকূলীয় এলাকা কয়রায় মাদক ও নানা অপরাধ রুখতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে কয়রা থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় ৪ সেপ্টেম্বর দিবাগত রাতে দক্ষিণ মদিনাবাদ ও মহারাজপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মদিনাবাদ গ্রামের মো. আলাউদ্দিন ফকির (৪২), মো. শাহাজান ফকির (৪০) এবং মো. আরিফুল ইসলাম (৫৫)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আগে থেকেও বেশ কয়েকটি অপরাধমূলক মামলা রয়েছে।
​পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মো. মশিউর রহমানের নেতৃত্বাধীন একটি দল রাত ১২টা ৩৫ মিনিটে দক্ষিণ মদিনাবাদের একটি বসতবাড়িতে অভিযান চালিয়ে প্রথম আসামিকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১টা ৫০ মিনিটে মহারাজপুর গ্রামের মধ্যপাড়া এলাকা থেকে বাকি দুই সহযোগীকে আটক করা হয়।
​অভিযানকালে আসামিদের থেকে ৪৫,৩০০ টাকা মূল্যের ১৫১ পিস ইয়াবা (ওজন ১৫.১ গ্রাম), মাদক বিক্রির নগদ ৪,৫৭০ টাকা, ১টি সিমফোনি বাটন মোবাইল ফোন, ১টি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার এবং ৩টি জিপার ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে।
​কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল ইসলাম জানান, কয়রাকে একটি সুন্দর ও আদর্শ মডেল থানায় রূপান্তর করতে পুলিশ অপরাধীদের বিরুদ্ধে নিরলস কাজ করছে। এলাকাকে সম্পূর্ণ মাদক, অনলাইন জুয়া ও চাঁদাবাজিমুক্ত রাখতে অভিযান অব্যাহত থাকবে।

৪ সেপ্টেম্বর ২০২৬
১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার