ডুমুরিয়ার জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত মোল্যা কবির হোসেন
জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়া উপজেলার ১০ নম্বর ভান্ডারপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক (ম্যানেজিং) কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক, খুলনা জেলা কৃষকদলের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা কবির হোসেন।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর কর্তৃক গত ১৬ আগস্ট উক্ত অ্যাডহক কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে। বোর্ড অনুমোদিত নির্দেশনা অনুযায়ী, এই কমিটি আগামী ৬ মাসের মধ্যে বিদ্যালয়টির জন্য একটি সুষ্ঠু ও পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে দায়িত্ব পালন করবে।
অভিজ্ঞ এই জনপ্রতিনিধি ও উলা মাজিদিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মোল্যা কবির হোসেন জাবরা পল্লী জাগরণী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দের জোয়ার বইছে। এ উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুশীল সমাজের পক্ষ থেকে তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় স্থানীয় সুধীজন ও অভিভাবকরা আশাবাদ ব্যক্ত করে বলেন, মোল্যা কবির হোসেনের দক্ষ নেতৃত্ব ও দীর্ঘ সামাজিক অভিজ্ঞতার ছোঁয়ায় বিদ্যালয়টিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ আরও সুদৃঢ় হবে। নির্ধারিত সময়ের মধ্যেই তিনি একটি যোগ্য ও পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনে সফল ভূমিকা রাখবেন বলে সকলেই প্রত্যাশা করছেন।
