মধ্যনগরে বিষধর সাপের কামড়ে বৃদ্ধার মৃত্যু
চয়ন চৌধুরী, মধ্যনগর থেকেঃ
সুনামগঞ্জের মধ্যনগরে বিষধর সাপের কামড়ে পোশাকের মা (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মাছুয়াকান্দা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মাছুয়াকান্দা গ্রামের সোনা মিয়ার স্ত্রী পোশাকের মা রাতে নিজ বসতঘরের বারান্দায় বসে ছিলেন। এ সময় বিদ্যুৎ চলে গেলে তিনি বারান্দা থেকে ঘরে যাওয়ার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। সাপের কামড়ে তিনি চিৎকার করলে পরিবারের সদস্যরা ছুটে এসে বিষয়টি জানতে পারেন। পরে তারা দ্রুত তার পায়ে আক্রান্ত স্থানের উপরে রশি দিয়ে বাঁধন দিয়ে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্ব থাকা কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাঈম জোবায়ের বিষধর সাপের কামড়ে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।###
