ডুমুরিয়ার কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ার ঐতিহ্যবাহী কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয়ে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবিক মূল্যবোধের ওপর আলোচনা, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় ৯ম ও ১০ম শ্রেণির ‘ক’ গ্রুপের ১৫ জন এবং ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণির ‘খ’ গ্রুপের ২১ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে সামিউল ইসলাম সিয়াম এবং দ্বিতীয় স্থান অর্জন করে রাকিবুল ইসলাম। ‘খ’ গ্রুপে প্রথম স্থান অর্জন করে জারিন তাসনিম এবং দ্বিতীয় স্থান অর্জন করে তানিশা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন মানবতার সর্বশ্রেষ্ঠ আদর্শ। তাঁর জীবন ও কর্মে রয়েছে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, সহনশীলতা, মানবিকতা ও শান্তির অনন্য শিক্ষা। শিক্ষার্থীদের জীবনে মহানবীর আদর্শ অনুসরণ করে সৎ, ন্যায়পরায়ণ ও মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।
কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স ম আঃ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সোমা বিশ্বাস, সহকারী শিক্ষক মাওলানা হাসেম আলী, নাজমুন নাহার, আব্দুল গফুর, সরস্বতী রায়, তাপস বসাক, তুষার দাস, বিশ্বজিৎ দত্ত, জাকির হোসেন, নাজির হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারি,শিক্ষার্থী বৃন্দ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরা হয়।
পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সকলের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
