পাইকগাছায় কচুবুনিয়া স্লুইসগেটে ধস: প্লাবনের আশঙ্কায় তিন ইউনিয়ন, চরম আতঙ্কে লাখো মানুষ
পাইকগাছা খুলনা,প্রতিনিধি।।
পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের কচুবুনিয়া স্লুইসগেটে ভয়াবহ ফাটল দেখা দেওয়ায় এর একটি বিশাল অংশ নিচের দিকে দেবে গেছে। ১৬ আগস্ট রাতে শিবসা নদীর জোয়ারের পানি বাড়ার সময় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় স্লুইসগেটের এক অংশ সম্পূর্ণ বিধ্বস্ত এবং বাকি অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে জরাজীর্ণ এই অংশ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করে প্রলয়ঙ্করী প্লাবনের আশঙ্কা তৈরি করায় চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী।১৬-১৭ পোল্ডারের আওতাধীন এই স্থাপনাটি ভেঙে পড়ার উপক্রম হওয়ায় বিপর্যয় শুধু কচুবুনিয়ায় সীমাবদ্ধ থাকছে না। গদাইপুর ইউপি সদস্য আবুল হাসান গাজী জানান, এখান থেকে উন্মুক্ত পানি প্রবেশ করলে পাইকগাছার গদাইপুর, কপিলমুনি এবং হরিঢালী—এই তিনটি ইউনিয়ন সম্পূর্ণ প্লাবিত হবে। এতে কোটি কোটি টাকার সম্পদ, কৃষিজমি ও মৎস্য ঘের ধ্বংস হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া শ্যামনগর, আগরঘাটা, কাজিমুছা, মালতি, তকিয়া ও মঠবাটী এলাকার বসতি ও রাস্তাঘাট তলিয়ে যাওয়ার প্রবল ঝুঁকি তৈরি হয়েছে।জরুরি এই পরিস্থিতিতে গদাইপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান জানান, এটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) আওতাধীন হওয়ায় তাঁদের কোনো সুনির্দিষ্ট বরাদ্দ বা দায়িত্ব নেই। তবে প্রশাসন বা বোর্ড দায়িত্ব দিলে তাঁরা কাজ করবেন এবং তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানান।এদিকে ক্ষয়ক্ষতি ও জরুরি মেরামতের বিষয়ে পাউবোর এসও রাজু হাওলাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। দায়িত্বশীল কর্মকর্তার এমন উদাসীনতা এলাকাববাসীর উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।স্থানীয়দের মতে, এটি কেবল একটি স্লুইসগেটের ফাটল নয়, বরং লক্ষাধিক মানুষের জীবন-জীবিকা ধ্বংসের অশনি সংকেত। ভয়াবহ মানবিক বিপর্যয় এড়াতে কেবল জোড়াতালির সংস্কার নয়, পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত স্থায়ী ও মজবুত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
