তালায় যমজ দুই বোনের একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ
তালা প্রতিনিধিঃঃ
একই সঙ্গে জন্ম, একই বিদ্যালয়ে পড়াশোনা—আর এবার একসঙ্গেই বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে তলার আপন যমজ দুই বোন রাফিয়া রাইসা ও রামিসা ফারিহা। তারা দুজনই ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে পরিবার, বিদ্যালয় ও এলাকার মুখ উজ্জ্বল করেছে।
তারা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের ১১৩ নম্বর ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। রাফিয়া রাইসা ও রামিসা ফারিহার বাবা মো. রইজউদ্দীন গাজী একজন সরকারি শিক্ষক। তিনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত। তাদের বাড়ি তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে। বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে দুজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করায় বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
দুই বোনের এই সাফল্যে পরিবারের সদস্যরা আনন্দিত ও গর্বিত। তারা জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি দুই বোনের আগ্রহ ছিল। নিয়মিত পড়াশোনা ও শিক্ষকদের দিকনির্দেশনার ফলে তারা এ সাফল্য অর্জন করেছে।
বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, একই পরিবারের দুই যমজ শিক্ষার্থীর একসঙ্গে ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন সত্যিই আনন্দের ও গর্বের বিষয়। তাদের এ সাফল্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরও পড়াশোনায় আরও মনোযোগী হতে অনুপ্রাণিত করবে।
ভবিষ্যতে রাফিয়া রাইসা ও রামিসা ফারিহা উচ্চশিক্ষা গ্রহণ করে নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে চায়। তাদের এই সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
