তালায় ডাক্তার দেখানোর কথা বলে ডেকে নারীকে ধর্ষণের অভিযোগ, মামলা
জহর হাসান সাগর
সাতক্ষীরার তালা উপজেলায় ডাক্তার দেখানোর কথা বলে এক নারীকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে উপজেলার রহিমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর বাড়ি খুলনা জেলার কয়রা উপজেলার একটি গ্রামে। এক আত্মীয়ের মাধ্যমে ডাক্তার দেখানোর বিষয়ে অভিযুক্তদের একজনের সঙ্গে তার পরিচয় হয়। পরে ওই যুবক ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলে তাকে তালার রহিমাবাদ এলাকায় আসতে বলেন।
ভুক্তভোগীর অভিযোগ, সেখানে যাওয়ার পর তাকে রাতে ডাক্তার দেখানো সম্ভব নয় জানিয়ে পরদিন ডাক্তার দেখিয়ে দেওয়ার কথা বলা হয়। একই সঙ্গে ওই যুবক তাকে নিজেদের ভাড়া বাসায় রাতযাপনের প্রস্তাব দেন এবং বাসায় তার মা-বোন রয়েছে বলে আশ্বস্ত করেন। সরল বিশ্বাসে ওই নারী সেখানে অবস্থান করলে নাস্তায় কৌশলে ওষুধজাতীয় কিছু খাওয়ানো হয় বলে অভিযোগ করেন তিনি। পরে অচেতন বা অসুস্থ অবস্থার সুযোগ নিয়ে দুই যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ।
ঘটনার পরদিন শুক্রবার (১৪ আগস্ট) সকালে ভুক্তভোগী নারী তালা থানায় গিয়ে একজনের নাম উল্লেখ করে এবং আরও দুজনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। এ ঘটনায় তালা থানায় মামলা নম্বর-১০, তারিখ ১৪/০৮/২০২৬।
অভিযুক্তরা তালার রহিমাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন বলে জানা গেছে। তবে মামলার তদন্তের স্বার্থে তাদের পূর্ণ পরিচয় প্রকাশ করা হয়নি।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগী নারী একজনের নাম উল্লেখ করে মোট তিনজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনার বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
