বিজিবি’র অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

Date:

Share:

বিজিবি’র অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩

সানাউল্লাহ সুমন
চাঁপাইনবাবগঞ্জ

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় ৫৬টি ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ১টি মোটরসাইকেলসহ ৩ জন চোরাকারবারীকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ২৮ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১০ আগস্ট ২০২৬ তারিখ রাত সাড়ে ৯টায় সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। সীমান্ত মেইন পিলার ১৮৫ হতে আনুমানিক ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামস্থ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান চালানো হয়।
আটককৃত আসামিরা হলেন:
১. মোঃ সানাউল্লাহ (২৮), পিতা- মোঃ সহিমুদ্দিন
২. মোঃ হারুন-অর-রশিদ (১৯), পিতা- মোঃ আবু সায়েদ
৩. মোঃ ইয়াসিন আলী (১৯), পিতা- মৃত আশরাফুল ইসলাম
আটককৃত সবার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার সোনামসজিদ পোস্টের অন্তর্গত শিয়ালমারা গ্রামে।
অভিযানের সময় আসামীদের কাছ থেকে ভারতীয় ৫৬টি বিভিন্ন মডেলের ব্যবহৃত চোরাই মোবাইল ফোন এবং ১টি পালসার (Pulsar 150cc) মোটরসাইকেল জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, আটককৃত আসামীসহ জব্দকৃত মোবাইল ও মোটরসাইকেল আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি জানান, সীমান্তে সকল প্রকার চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সীমান্ত এলাকায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

১১ আগস্ট ২০২৬
বিজিবি’র অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩