প্রখ্যাত বাউল সাধক উকিলমুন্সির স্মরণে” মোহনগঞ্জের হাওর বুকে উদীচীর সাংস্কৃতিক উৎসব
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর উপজেলা শাখার আয়োজনে ও প্রখ্যাত বাউল সাধক উকিল মুন্সির স্মরণে অনুষ্ঠিত হয়েছে হাওর ভ্রমণ উৎসব।
হাওরের নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে দিনভর গান, নৃত্য ও নানা সাংস্কৃতিক আয়োজনে মেতে ওঠেন উদীচীর শিল্পীগোষ্ঠীর সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ১০টায় উদীচীর শিল্পীগোষ্ঠীর উদ্যোগে মোহনগঞ্জ পৌর শহর থেকে অটোরিকশা যোগে যাত্রা শুরু করে উপজেলার তেতুলিয়া গ্রামে পৌঁছান। পরে সেখান থেকে দুটি ট্রলারে করে ডিঙাপোতা হাওর পাড়ের জৈনপুর গ্রামের বেতাই নদীর তীরে অবস্থিত প্রখ্যাত বাউল সাধক উকিল মুন্সী সাংস্কৃতিক কেন্দ্রে যান তারা।
সেখানে পৌঁছানোর পর শুরু হয় দিনব্যাপী সাংস্কৃতিক আয়োজন। উদীচীর শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। এতে শিশু সদস্যরাও অংশ নেয়। হাওরের মনোরম পরিবেশে গান, নৃত্য ও আনন্দ-উচ্ছ্বাসে উৎসবমুখর হয়ে ওঠে পুরো হাওর এলাকা। পরে অংশগ্রহণকারীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।
উৎসবে উপস্থিত ছিলেন, উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি রইস মনরম, সাবেক সভাপতি তাহমিনা সাত্তার, সহসভাপতি কল্পনা সরকার, সাধারণ সম্পাদক বিকাশ দাস, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ ঘোষ, সম্পাদকমণ্ডলীর সদস্য শ্যামল চৌধুরী, নাসের তালুকদার, রিপন রায় ও স্মরণ তালুকদার ও সাংবাদিক সাইফুল আরিফ জুয়েলসহ উদীচীর সদস্য ও শুভানুধ্যায়ীগণ।
উপজেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি রইস মনরম বলেন, কর্মব্যস্ত জীবনের বাইরে প্রকৃতির সান্নিধ্যে সংগঠনের সদস্যদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে আরও প্রাণবন্ত করতেই হাওর এলাকায় এ ভ্রমণ উৎসবের আয়োজন করা হয়েছে।###
