জাতীয় পর্যায়ে সড়ক নিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা।

Date:

Share:

জাতীয় পর্যায়ে সড়ক নিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা।

জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া (খুলনা):

সড়কে মৃত্যুমিছিল থামাতে ও নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতি পেল (নিসচা) খুলনার ডুমুরিয়া উপজেলা শাখা।
সড়ক দুর্ঘটনা রোধে ধারাবাহিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় পর্যায়ে প্রশংসনীয় ভূমিকা রাখায় সম্মানজনক ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক-২০২৬’ অর্জন করেছে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা। দেশের সামাজিক আন্দোলনের অন্যতম শীর্ষ এই স্বীকৃতির খবরে স্থানীয় নেতাকর্মীসহ পুরো ডুমুরিয়াবাসীর মাঝে আনন্দের জোয়ার বইয়ে দিয়েছে।
গত ৭ আগস্ট (শুক্রবার) ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত নিসচার দিনব্যাপী জমকালো মহাসমাবেশ ও পদক প্রদান অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ডুমুরিয়া শাখার পক্ষে পদক গ্রহণ করেন উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম এবং দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম (মুকুল)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিরাজুল মইন জয়। এছাড়াও উপস্থিত ছিলেন সড়ক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সারাদেশ থেকে আগত নিসচার কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ।
মহাসমাবেশে বক্তারা সড়ক দুর্ঘটনা কমাতে ডুমুরিয়া উপজেলা শাখার মাঠপর্যায়ের ব্যতিক্রমী ও নিরবচ্ছিন্ন জনসচেতনতামূলক সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। জাতীয় পর্যায় থেকে পাওয়া এই সম্মাননা দেশের অন্যান্য শাখাগুলোর জন্যও সড়ক নিরাপত্তায় অনুকরণীয় দৃষ্টান্ত ও অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পদক প্রাপ্তিতে উচ্ছ্বসিত প্রতিক্রিয়ায় নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলাম বলেন, কেন্দ্রীয় নেতৃত্বের এই মূল্যায়ন আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই সম্মাননা ডুমুরিয়া নিসচার প্রতিটি কর্মীর দিনরাত অক্লান্ত শ্রম, ত্যাগ ও নিবেদিত প্রচেষ্টার ফল। প্রকৃতপক্ষে এই অর্জন পুরো ডুমুরিয়াবাসীর। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব বহুগুণ বাড়িয়ে দিল; জীবন রক্ষায় ডুমুরিয়ায় আমাদের নিরাপদ সড়কের আন্দোলন আরও বেগবান হবে।
একই সাথে নিজ অনুভূতি প্রকাশ করে সংগঠনের দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক জাহাঙ্গীর আলম (মুকুল) বলেন, সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও তা প্রতিরোধে মাঠপর্যায়ে কাজ করা সবসময়ই চ্যালেঞ্জিং। আজকের এই জাতীয় স্বীকৃতি আমাদের কাজের সার্থকতা এনে দিয়েছে। এই পদক আমাদের ডুমুরিয়ার প্রতিটি সড়ককে নিরাপদ করার লড়াইয়ে আরও বেশি দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে।

জাতীয় পর্যায়ের এই গৌরবময় স্বীকৃতি ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে এবং নতুন করে সাধারণ মানুষকে সচেতন করতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় সুধীসমাজ।

৮ আগস্ট ২০২৬
জাতীয় পর্যায়ে সড়ক নিরাপত্তায় অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাহানারা কাঞ্চন স্মৃতি পদক’ পেল নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা।