কেশবপুরে কৃষকের ধানের চারা রোপণ করে দিলেন আনসার-ভিডিপির সদস্যরা
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নে কৃষকের জমিতে ধানের চারা রোপণ করে সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করেছেন সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার-ভিডিপির সদস্যরা।
শনিবার (০৮ আগস্ট-২৬) উপজেলার কাস্তা গ্রামের কৃষক আমানাত আলীর ২০ শতাংশ জমিতে ধানের চারা রোপণ করে সহযোগিতা করেন তারা। উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ মিয়াজান আলী-এর নির্দেশনায় এবং সাগরদাঁড়ি ইউনিয়ন আনসার-ভিডিপির দলনেতা আলী হোসেন-এর তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। সাগরদাঁড়ি ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম-এর পরামর্শ আধুনিক কৃষিপদ্ধতি অনুসরণ করে কৃষক আমানাত আলী-এর জমিতে উন্নতমানের ধানের চারা রোপণ করা হয়।
কৃষকের পাশে দাঁড়ানোর এ উদ্যোগে আনসার-ভিডিপির সদস্যরা নিজেরাই মাঠে নেমে ধানের চারা রোপণ করেন। এতে কৃষক আমানাত আলী উপকৃত হওয়ার পাশাপাশি স্থানীয় পর্যায়ে কৃষকের প্রতি সহযোগিতার একটি ইতিবাচক বার্তা তৈরি হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ি ইউনিয়ন কৃষক দলের সভাপতি আরিফুর রহমানসহ ইউনিয়ন আনসার-ভিডিপির সদস্যরা।
আনসার-ভিডিপির সদস্যরা জানান, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাই কৃষকের প্রয়োজনের সময়ে পাশে দাঁড়ানো তাদের সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও কৃষকের সহযোগিতাসহ জনকল্যাণমূলক এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
