মোহনগঞ্জের গাগলাজুর বাজারে অগ্নিকান্ডে দু’টি দোকানঘর পুড়ে ছাঁই
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার প্রত্যন্ত হাওরাঞ্চলের গাগলাজুর বাজারে আকস্মিক এক অগ্নিকাণ্ডের ঘটনায় দুইটি দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে নয়টার উপজেলার গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজারের ব্যবসায়ী সেলিম মিয়ার দোকানঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
আগুনে মূহুর্তের মধ্যেই বাজারের ব্যবসায়ী সেলিম মিয়া ও সাদেক মিয়ার দুইটি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়।
এতে ওই দুই ব্যবসায়ীর প্রায় ১০-১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
গাগলাজুর বাজার কমিটির সদস্য সচিব বাদল মির্জা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে বাজারের মোদি দোকান মালিক সেলিম মিয়া দোকান খোলে তিনি পাশের একটি হোটেল নাস্তা করতে যান। কিছুক্ষণ পরই তার দোকানঘরে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। মূহুর্তের মধ্যেই আগুন পাশের সাদক মিয়ার দোকানেও ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন বালতি, কলসি, মগ দিয়ে পানি ছিটিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
গাগলাজুর বাজার কমিটির সদস্য সচিব বাদল মীর্জা বলেন, বর্ষাকালে বাজারের চার পাশেই শুধু পানি আর পানি। এসময় আমাদের এলাকার রাস্তাঘাট সবই পানির নীচে। তাই আমাদের এলাকায় এ সময় আগুন নেভাতে দমকল বাহিনীর সদস্যরা আসার কোনো সুযোগ থাকেনা। তাই স্থানীয় লোকজনদেরকেই চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে হয়।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে গাগলাজুর বাজার থেকে আমাকে কেউ কিছুই জানায়নি। কিছুক্ষণ আগেই আমি ফেসবুকে এমন একটি ঘটনা দেখেছি। কিন্তু কিছুই বুঝতে পারছিলাম না। বিষয়টি আপনার কাছ থেকেই এখন জেনেছি। তবে এ বিষয়ে আগামীকাল বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের জন্য তদন্ত টিম পাঠানো হবে। পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে যথাযথ সহযোগিতা করা হবে বলেও তিনি জানান।
