গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা
বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
যশোরের কেশবপুর উপজেলার গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে ১২ টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ ও বাজার এলাকায় রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শণিবার (১ আগস্ট-২৬) বিকেল ৪:০০ টায় গৌরীঘোনা প্রেসক্লাব চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে গৌরীঘোনা প্রেসক্লাবের সভাপতি জি এম আব্দুস সালাম সবুজ-এর সভাপতিত্বে এবং গৌরীঘোনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন এবং দৈনিক রানার পত্রিকার গৌরীঘোনা ইউনিয়ন প্রতিনিধি ইব্রাহিম খলিল বাবুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোছাঃ রোকসানা খাতুন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জিএম হিরোন তারেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও গৌরীঘোনা প্রেসক্লাবের উপদেষ্ঠা এস,আর সাঈদ, কেশবপুর উপজেলা কৃষক দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম মনু, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পেশাজীবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবু ইউনুচ এবং গৌরীঘোনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পরেশ চন্দ্র দেবনাথ।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্রী মুনিয়া সুলতানা, মঙ্গলকোট রংমহল নাট্য সংস্থার সাধারণ সম্পাদক জালাল উদ্দীন সরদার এবং গৌরীঘোনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য সোলাইমান ফকির।
আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, অর্থনৈতিক সচ্ছলতা ও পুষ্টির চাহিদা পূরণে বৃক্ষরোপণের অপরিসীম গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের যে বিরূপ প্রভাব দেখা যাচ্ছে, তা থেকে মুক্তি পেতে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ-শ্যামল ও নিরাপদ পৃথিবী গড়তে আমাদের বেশি বেশি ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগাতে হবে এবং তার সঠিক পরিচর্যা করতে হবে।
গুরুত্বপূর্ণ এই আলোচনা সভা শেষে গৌরীঘোনা সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে উন্নত জাতের ১২০ টি ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এরপর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ গৌরীঘোনা বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চারা রোপণ করে কর্মসূচির সফল সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে গৌরীঘোনা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ সুধীজন উপস্থিত ছিলেন।
