তালা সদর ইউনিয়নের শাহপুর-খানপুর সড়কের নবনির্মিত পাকা রাস্তার শুভ উদ্বোধন
ডেস্ক নিউজ
সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের শাহপুর থেকে খানপুর সড়কের নবনির্মিত পাকা রাস্তার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জুলাই) বিকেল ৪টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং সাবেক সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার এবং সঞ্চালনা করেন তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, তালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম সাংবাদিক নজরুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, জেলা বিএনপি’র সদস্য রেজাউল ইসলাম রেজা, তালা সরকারি কলেজের সাবেক সভাপতি জোরদার ফারুক হোসেন,সদর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ড সভাপতি ময়েজউদ্দিন মাতব্বর, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আহমাদ সরদার এবং উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক তালেব সরদারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শাহপুর-খানপুর সড়কটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম হলেও নানা কারণে চলাচলে দুর্ভোগ ছিল। নবনির্মিত পাকা রাস্তা চালু হওয়ায় স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে, পাশাপাশি শিক্ষা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সড়কটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
