খুলনায় নিখোঁজ ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার, আটক দম্পতি
ডুমুরিয়া প্রতিনিধি:
খুলনায় প্রায় পাঁচ মাস আগে নিখোঁজ হওয়া মারুফ নামে এক ইজিবাইক চালকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে নগরীর হরিণটানা রেলসেতু সংলগ্ন বুলু ওয়েল আবাসিক এলাকার একটি বাড়ির উঠান থেকে মাটি খুঁড়ে কঙ্কালটি উদ্ধার করা হয়। ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মুরাদ মোল্লা ও তার স্ত্রী ফাল্গুনী খাতুনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাম্পত্য কলহের জেরে আজ সোমবার সকালে ফাল্গুনী খাতুন হরিণটানা থানায় গিয়ে স্বামী মুরাদ মোল্লার বিরুদ্ধে একটি অভিযোগ করেন। অভিযোগের একপর্যায়ে তিনি পুলিশকে জানান, প্রায় পাঁচ মাস আগে মারুফ নামে এক ইজিবাইক চালককে হত্যা করে তার ইজিবাইক ছিনতাই করেছিলেন মুরাদ। পরে ইজিবাইকটি খুলে বিভিন্ন অংশ বিক্রি করে দেওয়া হয়।
এই চাঞ্চল্যকর তথ্যের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মুরাদ মোল্লাকে আটক করে। পরে আটক দম্পতির দেওয়া তথ্য অনুযায়ী, তাদের বাড়ির উঠানে মাটি খুঁড়ে পুঁতে রাখা চালক মারুফের কঙ্কাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কঙ্কাল ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
হরিণটানা থানার তদন্ত কর্মকর্তা মুরাদ হোসেন মিলন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত রমজান মাসের কোনো এক রাতে পরিচিত হওয়ার সুবাদে মারুফকে ফোন করে নিজেদের বাড়িতে ডেকে আনেন মুরাদ। এরপর ইজিবাইকে বসা অবস্থাতেই পেছন থেকে দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। ঘটনার রাতেই মরদেহ বাড়ির উঠানে পুঁতে ফেলা হয় এবং পরে ইজিবাইকটি খুলে বিভিন্ন অংশ আলাদা করে বিক্রি করে দেওয়া হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে ছিনতাই হওয়া ইজিবাইকের একটি নম্বর প্লেট উদ্ধার করা হয়েছে। অনুসন্ধানে জানা গেছে, ইজিবাইকটির মালিক খালিশপুর থানার ৪/১ মুজগুন্নী মেইন রোড এলাকার বাসিন্দা মোল্লা মো. মোস্তফা। নিহত চালকের প্রকৃত পরিচয় শতভাগ নিশ্চিত করতে ইজিবাইকের মালিককে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদ এবং ঘটনার বিস্তারিত উন্মোচনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।
