রূপসা-শিপইয়ার্ড সড়ক সংস্কারে এগিয়ে এলো ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি

Date:

Share:

রূপসা-শিপইয়ার্ড সড়ক সংস্কারে এগিয়ে এলো ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি | জাহাঙ্গীর আলম (মুকুল)
দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল খুলনা নগরীর শিপইয়ার্ড–রূপসা স্ট্যান্ড সড়কটি। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় এটি সাধারণ মানুষের জন্য চরম ঝুঁকিপূর্ণ ও মরণফাঁদে পরিণত হয়। জনদুর্ভোগের এই মুহূর্তে সড়কটি সংস্কারে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতি।
সড়কটির সংস্কার কাজ ত্বরান্বিত করতে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহাজান জমাদ্দারের নির্দেশনায় সমিতির পক্ষ থেকে অনুদান হিসেবে ২৫ ট্রাক আধলা (ইটের খোয়া) দেওয়া হয়েছে। জনহিতকর এই উদ্যোগটি স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।

খুলনা মহানগর বিএনপি গঠিত ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র তত্ত্বাবধানে সড়কটির সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। সংস্কার কাজের উদ্বোধন ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা। কার্যক্রমে নেতৃত্ব দেন ‘দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি’র আহ্বায়ক ও খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম তুহিন।

এ সময় মো. শফিকুল আলম তুহিন বলেন, “দীর্ঘদিন সড়কটি বেহাল অবস্থায় থাকলেও সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে আমরা এই উদ্যোগ নিয়েছি। এই গুরুত্বপূর্ণ কাজটি বাস্তবায়নে ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির অবদান অত্যন্ত প্রশংসনীয়। তাদের দেওয়া সামগ্রী ব্যবহার করে আমরা দ্রুত সড়কের ঝুঁকিপূর্ণ গর্তগুলো ভরাট করছি।

সংস্কার কাজে যুক্ত নেতাকর্মীরা জানান, ইটভাটা মালিক সমিতির দেওয়া এই ইট ও আধলাগুলো দিয়ে সড়কের বড় বড় গর্তগুলো ভরাট করা হচ্ছে। এতে যানবাহন ও পথচারীদের চলাচলের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটির বেহাল দশার কারণে দীর্ঘদিন তারা চরম ভোগান্তিতে ছিলেন। ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির এই স্বেচ্ছাসেবী কর্মকাণ্ড ও সহযোগিতা সাধারণ মানুষের যাতায়াতে নতুন আশার সঞ্চার করেছে। তারা দ্রুত সড়কটি সম্পূর্ণ মেরামত করে চলাচলের উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

 

১৩ জুলাই ২০২৬
রূপসা-শিপইয়ার্ড সড়ক সংস্কারে এগিয়ে এলো ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি