কলম যেখানে শোষিতের হাতিয়ার: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি পেলেন নির্ভীক সংবাদকর্মী জাহাঙ্গীর আলম (মুকুল)

Date:

Share:

কলম যেখানে শোষিতের হাতিয়ার: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি পেলেন নির্ভীক সংবাদকর্মী জাহাঙ্গীর আলম (মুকুল)

নিজস্ব প্রতিবেদক, খুলনা:
নিষ্ঠা, সততা আর জনমুখী সাংবাদিকতার এক অনন্য স্বীকৃতি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বাধিক প্রচারিত ও জনপ্রিয় দৈনিক ‘আজকের কণ্ঠস্বর’ পত্রিকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সারথি হিসেবে বিশেষ সম্মাননা স্মারক (ক্রেস্ট) লাভ করেছেন পত্রিকার নির্ভীক ভ্রাম্যমাণ প্রতিনিধি জাহাঙ্গীর আলম মুকুল।
গত বুধবার (০১ জুলাই) খুলনার দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবনের মনোরম ‘জে এস রিভার ভিউ পার্ক’-এ এক আবেগঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে এই সম্মাননা প্রদান করা হয়। দৈনিক ‘আজকের কণ্ঠস্বর’-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের দিনব্যাপী বর্ণাঢ্য ও প্রাণবন্ত কর্মসূচির অন্যতম আকর্ষণীয় মুহূর্ত ছিল এই গুণী সাংবাদিকের হাতে সম্মাননা তুলে দেওয়ার ক্ষণটি।
অনুষ্ঠানে জাহাঙ্গীর আলম মুকুলের হাতে এই গৌরবময় সম্মাননা ক্রেস্ট তুলে দেন ‘আজকের কণ্ঠস্বর’ পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাহমিনা আক্তার শিপন এবং দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন দাশ গুপ্ত।
অনুষ্ঠানে আনন্দের এ মুহূর্তে উপস্থিত থেকে শুভেচ্ছা জানান সেনহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও দিঘলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক, সেনহাটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম ফরহাদ হোসেন, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, স্টার জুট মিলস্ এমপ্লয়িজ ইউনিয়নের সাবেক সভাপতি গাজী এনামুল হাচান মাসুম এবং ‘আজকের কণ্ঠস্বর’-এর নির্বাহী সম্পাদকসহ বিভিন্ন জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক ও সুধীজন।

জাহাঙ্গীর আলম মুকুল কেবল একজন সংবাদকর্মী নন, তিনি খুলনার ডুমুরিয়া অঞ্চলের গণমানুষের এক বিশ্বস্ত নাম। দীর্ঘ ১১ বছর যাবৎ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল এস’-এর প্রতিনিধি হিসেবে অত্যন্ত সুনামের সাথে মাঠপর্যায়ে কাজ করছেন তিনি। পাশাপাশি ঢাকা থেকে প্রকাশিত জনপ্রিয় জাতীয় দৈনিক ‘খোলা কাগজ’-এ বিগত তিন বছর ধরে এলাকার নানা জনদুর্ভোগ, অবহেলিত ও নির্যাতিত মানুষের অধিকারের কথা তুলে ধরে সর্বমহলে প্রশংসিত ও সমাদৃত হয়েছেন। এর আগেও কর্মের স্বীকৃতি হিসেবে ‘চ্যানেল এস’ টিভির পক্ষ থেকে টানা চারবার সম্মাননা স্মারক উপহার পেয়েছেন এই কলম সৈনিক।

সম্মাননা প্রাপ্তির পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় জাহাঙ্গীর আলম মুকুল তাঁর দীর্ঘ পথচলার স্মৃতি চারণ করে বলেন:
আমার সাংবাদিকতায় হাতেখড়ি হয়েছিল প্রিয় ‘চ্যানেল এস’ টিভির মাধ্যমে। এরপর জাতীয় দৈনিক ‘খোলা কাগজ’, দৈনিক ‘আজকের কণ্ঠস্বর’ ও বিভিন্ন অনলাইন পোর্টালে কাজ করতে গিয়ে সবসময় চেয়েছি সমাজের অবহেলিত, নির্যাতিত আর সাধারণ মানুষের সুখ-দুঃখের কথাগুলো যেন নীতিনির্ধারকদের কান পর্যন্ত পৌঁছায়। আজকের এই সম্মাননা আমার সেই দীর্ঘদিনের ত্যাগ ও শ্রমের সার্থকতা।
তিনি আরও বলেন, “প্রিয় প্রতিষ্ঠানের কাছ থেকে পাওয়া এই সম্মাননা আমার আগামী দিনের দায়িত্ববোধকে আরও বহুগুণ বাড়িয়ে দিল। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কর্মস্থল ‘চ্যানেল এস’ টিভির মাননীয় চেয়ারম্যান, দৈনিক জাতীয় ‘খোলা কাগজ’-এর প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদক এবং দৈনিক আজকের কণ্ঠস্বর’ পত্রিকার প্রকাশক, সম্পাদক ও নির্বাহী সম্পাদক মহোদয়ের প্রতি—যাঁদের দিকনির্দেশনা ও ভালোবাসায় আমি আজকের এই অবস্থানে আসতে পেরেছি। আমি যেন সারাজীবন মানুষের পক্ষে এই কলম যুদ্ধ চালিয়ে যেতে পারি, সেজন্য আমি সবার দোয়া ও ভালোবাসা প্রার্থী।

৩ জুলাই ২০২৬
কলম যেখানে শোষিতের হাতিয়ার: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বীকৃতি পেলেন নির্ভীক সংবাদকর্মী জাহাঙ্গীর আলম (মুকুল)