১৩ ঘণ্টা বিদ্যুৎহীন গাবুরা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ।
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি)
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে মঙ্গলবার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত টানা প্রায় ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে অতিষ্ঠ হয়ে পড়েন সাধারণ মানুষ। পাশাপাশি ফ্রিজে সংরক্ষিত খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার আশঙ্কা এবং মোবাইল ফোন চার্জ দিতে না পারায় চরম ভোগান্তিতে পড়েন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা বলেন, গাবুরা একটি দ্বীপ ইউনিয়ন হওয়ায় বিদ্যুৎ–সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হয় না। দীর্ঘদিন ধরে এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা থাকলেও কার্যকর উদ্যোগ দেখা যায়নি বলে তাঁদের অভিযোগ।
বাসিন্দা আবদুল্লাহ বলেন, সারাদিন বিদ্যুৎ না থাকলে স্মার্টফোন ব্যবহার করেও লাভ নেই। ফোন চার্জ দিতে পারছি না, জরুরি যোগাযোগও ব্যাহত হচ্ছে।
লাভলু, রাহান, মহিউদ্দিন ও রহমত আলী বলেন, বিদ্যুৎ না থাকার পাশাপাশি বাংলালিংক মোবাইল নেটওয়ার্কও ঠিকমতো কাজ করছে না। এতে পরিবার-পরিজন ও জরুরি প্রয়োজনে যোগাযোগ করতেও সমস্যায় পড়তে হচ্ছে।
ভুক্তভোগীরা জানান, অনেক পরিবারের ফ্রিজে রাখা মাছ, মাংস ও অন্যান্য খাদ্যসামগ্রী নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা এবং স্থায়ী সমাধানের দাবি জানান তাঁরা।
এ বিষয়ে বক্তব্য জানতে গাবুরা বিদ্যুৎ অফিসে একাধিকবার ফোন করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা ফোন রিসিভ করেননি। ফলে বিদ্যুৎ বিভ্রাটের কারণ এবং কখন পরিস্থিতি স্বাভাবিক হবে, সে বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
৩০ জুন ২০২৬
১৩ ঘণ্টা বিদ্যুৎহীন গাবুরা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ
