স্বপ্নপূরণের আগেই নিভে গেল প্রদীপ: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বিএ পাস যুবক

Date:

Share:

স্বপ্নপূরণের আগেই নিভে গেল প্রদীপ: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বিএ পাস যুবক

জাহাঙ্গীর আলম মুকুল, ডুমুরিয়া (খুলনা)
খুলনার ডুমুরিয়া উপজেলার মাধবকাটি গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ রায় (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল রবিবার সকালে নিজ মাছের ঘেরে পানি সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সবুজ রায় মাধবকাটি গ্রামের বাসিন্দা এবং হাসানপুর এম.পি.পি.কে.কে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমারেশ রায়ের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রবিবার সকালে সবুজ বাড়ির পাশের মাছের ঘেরে পানি সেচের জন্য বৈদ্যুতিক পাম্পে সংযোগ দিতে যান। এ সময় অসাবধানতাবশত একটি বৈদ্যুতিক তার তার শরীরের ওপর পড়ে যায়। ঘটনাস্থলে সে সময় অন্য কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, বি.এ পাস করার পর দীর্ঘ দিন ধরে সবুজ বেকার ছিলেন। কোনো চাকরি না পাওয়ায় অবশেষে বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করছিলেন তিনি। ইতোমধ্যে বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থও জমা দিয়েছিলেন। কিন্তু বিদেশযাত্রার আগমুহূর্তে ভাগ্যের নির্মম পরিহাসে প্রাণ হারালেন এই স্বপ্নবাজ যুবক।
সবুজ রায়ের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার খবর পেয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকাবাসী শোকার্ত পরিবারকে সান্ত্বনা জানাতে ছুটে যান। পরিবারের সদস্যদের আহাজারিতে মাধবকাটি গ্রামের বাতাস ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে জানতে চাইলে ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান পুলিশ জানায়, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

২৯ জুন ২০২৬
স্বপ্নপূরণের আগেই নিভে গেল প্রদীপ: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন বিএ পাস যুবক