সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন

Date:

Share:

সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন
জহর হাসান সাগর
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় মাদকবিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকাসক্তি সমাজ ও পরিবারের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের কারণে পরিবার ভেঙে যাচ্ছে, বাড়ছে অপরাধ, আর ধ্বংসের মুখে পড়ছে দেশের তরুণ প্রজন্ম।
শুক্রবার বিকেল ৫টায় সাতক্ষীরা শহরের পোস্ট অফিস মোড়ে শহীদ রীমু সড়কে প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় এবং প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে এ মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বন্ধুসভার সদস্যদের পাশাপাশি মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, ক্রীড়াবিদ, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রথম আলো বন্ধুসভার সাতক্ষীরা শাখার সভাপতি মৃত্যুঞ্জয় বিশ্বাস। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সুভাষ সরকার, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান, উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি বেলাল হোসেন, সাংবাদিক মনিরুল ইসলাম, বন্ধুসভার সদস্য রাহাতুল ইসলাম, করিমন নেছা, গোলাম হোসেন, হৃদয় মণ্ডল এবং প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি।
বক্তারা বলেন, মাদকাসক্তি ইতোমধ্যে অসংখ্য পরিবারে ভয়াবহ বিপর্যয় ডেকে এনেছে। মাদকাসক্ত সন্তানের হাতে বাবা-মা নির্যাতিত হচ্ছেন, আবার মাদকের প্রভাবে সংঘটিত হচ্ছে খুনসহ নানা অপরাধ। তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়।
তারা আরও বলেন, সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায় মাদক চক্র সক্রিয় রয়েছে। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের লক্ষ্য করে মাদক বিক্রির অভিযোগও রয়েছে। সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত মাদক উদ্ধার ও চোরাকারবারিদের আটক করলেও মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা যাচ্ছে না।
বক্তারা অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের হাতে প্রয়োজনের অতিরিক্ত টাকা, স্মার্টফোন কিংবা মোটরসাইকেল তুলে দেওয়ার পাশাপাশি তাদের চলাফেরা ও বন্ধু-বান্ধব সম্পর্কে খোঁজ রাখা জরুরি। অসৎ সঙ্গ থেকেই অনেক তরুণ মাদকের দিকে ঝুঁকে পড়ে।
মানববন্ধন থেকে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সমাজের সর্বস্তরের মানুষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি তরুণ সমাজকে রক্ষায় পাড়া-মহল্লাভিত্তিক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

২৬ জুন ২০২৬
সাতক্ষীরায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন