ধনবাড়ীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ
মোঃ দেলোয়ার হোসেন, টাঙ্গাইল:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় মৎস্য সম্পদ রক্ষা ও সংরক্ষণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে।
সোমবার (২২ জুন) উপজেলার ছত্রপুর এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং মৎস্য বিধিমালা, ১৯৮৫ এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিভিন্ন স্থান থেকে আনুমানিক ৬০০ মিটার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরজাহান আক্তার সাথী।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে এবং মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধ ও নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এতে মাছের প্রজনন ও জলজ সম্পদ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
