পাইকগাছার ঢেউ সংস্থার পরিচালক সুকান্তি ঢাকা থেকে নিখোঁজ ; এক মাসেও মেলেনি সন্ধান, ভেঙে পড়েছে পরিবার
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
গত এক মাসে ও সন্ধান মেলেনি খুলনার পাইকগাছার নিখোঁজ ঢেউ সংস্থার নির্বাহী পরিচালক সুকান্তি সরকারের। গত ৫ মে সংস্থার অডিটের কাজে ঢাকায় যান পরিচালক সুকান্তি। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন তার পরিবার। নিখোঁজ সুকান্তি উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণমল্লিক গ্রামের জয়দেব সরকারের ছেলে। এতদিনে ও খোঁজ না পাওয়ায় মানসিক ভাবে ভেঙে পড়েছে তার পুরো পরিবার।
স্ত্রী স্মৃতি সরকার বলেন আমার স্বামী একজন নিরীহ ভদ্র মানুষ। কারোর সাথে তার কোন বিরোধ নাই। সুকান্তি এলাকার হেলথ, এডুকেশন এন্ড এনভায়রনমেন্ট সোসাইটি ঢেউ নামে একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালক ছিল। গত ২৬-০৪-২০২৬ তারিখে ঢাকার মালিবাগের আরিফ এন্ড কোম্পানি নামে একটি প্রতিষ্ঠান থেকে সংস্থার অডিটের জন্য তাকে চিঠি দিয়ে ঢাকায় যাওয়ার কথা বলে। সে মোতাবেক ৫ মে সকাল সাড়ে ১০ টাকার দিকে ঢাকার উদ্দেশ্যে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় সুকান্তি। খুলনা হয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকায় পৌঁছে ফোনে বিষয় টি নিশ্চিত করে। এরপর তার সাথে যোগাযোগ করতে গেলে তার ব্যবহৃত মোবাইল টি বন্ধ পাওয়া যায়। এর আগে ও সে অডিটের কাজে একাধিকবার ঢাকায় গিয়েছে কিন্তু কখনো এমনটি হয়নি। তবে এলাকার অনেকেই বলছেন সংস্থার কাছে সদস্যদের বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছে। আবার এলাকার বহু মানুষের কাছে সংস্থার বিপুল পরিমাণ টাকা পাওনা রয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি সুকান্তি ও সদস্যদের সাথে কিছুটা ঝামেলা তৈরি হয়েছে। যদিও সুকান্তির পরিবার দাবি করেছে এ নিয়ে সদস্যদের সাথে সুকান্তির তেমন কোন ঝামেলা তৈরি হয়নি।
ভাই অবন্তী কুমার সরকার বলেন সুকান্তির উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা এবং তার পরণে কালো প্যান্ট ও নীল গেঞ্জি ছিল। এ ঘটনায় র্যাবের মহাপরিচালক, র্যাব -১০ এর অধিনায়ক ও মহা পুলিশ পরিদর্শক বরাবর লিখিত অভিযোগ এবং যাত্রাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। যার নং ৯১৩, তারিখ ০৯-০৫-২০২৬। এতদিনে ও খোঁজ না পাওয়ায় তার স্ত্রী ও দুই কন্যা সহ পরিবারের সবাই মানসিক ভাবে ভেঙে পড়েছে। যদি কোন স্ব হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পান তাহলে তার পরিবার, যাত্রাবাড়ী থানা অথবা পাইকগাছা থানায় যোগাযোগ করার অনুরোধ করেছেন নিখোঁজের পরিবার।
