ডুমুরিয়ায় মাদক, জুয়া ও বাল্যবিবাহ বিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
জাহাঙ্গীর আলম মুকুল ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে মাদক, জুয়া ও বাল্যবিবাহ বিরোধী এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টায় মাগুরাঘোনা ইউনিয়ন বিএনপি আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সবিতা সরকার বলেন, “সমাজ থেকে মাদক, জুয়া এবং বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করতে হলে প্রশাসনের পাশাপাশি স্থানীয়দের অংশগ্রহণ অপরিহার্য। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে সচেতন হতে হবে।”
বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, “বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি এবং এর বিরুদ্ধে বর্তমান প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। কোথাও বাল্যবিবাহের ঘটনা ঘটতে দেখলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্য আমি এলাকাবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।”
উক্ত সচেতনতামূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সরদার আব্দুল মালেক।
এছাড়াও সভায় মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হেলাল, ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাদাত হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা এলাকা থেকে মাদক, জুয়া ও বাল্যবিবাহ নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। প্রশাসনের এমন সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তারা সামাজিক অবক্ষয় রোধে নিয়মিত এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
