শ্যামনগরে পরিবেশ দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Date:

Share:

শ্যামনগর প্রতিনিধি

সাতক্ষীরা: জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ আগামির নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশনএইড বাংলাদেশ-এর ‘প্রগতি’ প্রকল্পের উদ্যোগে জেলার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের মানিকখালী গ্রামে এই দিবসটি উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা এবং পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করা হয়।
শনিবার (৬ জুন, ২০২৬) সকালে রমজাননগর ইউনিয়নের প্রকল্পের কর্ম এলাকায় একটি বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। র‌্যালিতে রমজাননগর রঙ তুলি ইয়ুথ গ্রুপ, শিশু, নারী, জলবায়ু কর্মী, একশনএইড বাংলাদেশের প্রতিনিধি এবং স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধিরা পরিবেশ সুরক্ষার বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন হাতে অংশ নেন।
র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় উপকূলীয় ও স্থানীয় পর্যায় থেকে গণসচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে প্লাস্টিক দূষণ রোধ এবং ব্যাপকভাবে সবুজায়নের ওপর জোর দেন তারা।
দিবসের অন্যতম আকর্ষণ ছিল শিশুদের নিয়ে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতা। যেখানে নতুন প্রজন্ম তাদের ক্যানভাসে ফুটিয়ে তোলে স্বপ্নের সবুজ, সুন্দর ও দূষণমুক্ত পৃথিবী। প্রতিযোগিতা শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
কর্মসূচির শেষ অংশে রমজাননগর রঙ তুলি ইয়ুথ গ্রুপের একঝাঁক উদ্যমী স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণে মানিকখালী এলাকায় একটি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এই অভিযানের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সাধারণ মানুষকে যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানানো হয়।
একশনএইড বাংলাদেশের ‘প্রগতি’ প্রকল্পের এই উদ্যোগ উপকূলীয় অঞ্চলে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সচেতন মহল ও সংশ্লিষ্টরা।