তালায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ঐতিহাসিক সীমান্ত পিলার ও মোটরসাইকেল

Date:

Share:

জহর হাসান সাগর

তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে পুলিশের অভিযানে ঐতিহাসিক নিদর্শন দুষ্প্রাপ্য সীমানা পিলার গোপনে বিক্রির চেষ্টাকালে প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার করা হয়েছে| প্রায় ২০৭ বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপন করা একটি দুষ্প্রাপ্য সীমানা পিলার গোপনে কেনাবেচার সময় অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়|

শুক্রবার (৫ জুন) দিবাগত রাতে তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়| গ্রেপ্তারকৃতরা হলেন খুলনার বটিয়াঘাটা উপজেলার সুন্দরমহল গ্রামের যাদব সরকার (৪২), পাইকগাছা উপজেলার লস্কর গ্রামের তুষার কান্তি সরকার (৩৫), সুশান্ত সরকার (৪৪) এবং তালা উপজেলার কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডল (৬০)| গ্রেপ্তার হওয়া সুশান্ত সরকার পাইকগাছা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কর্মরত বলে জানা গেছে| তুষার ও সুশান্ত কলাগাছি গ্রামের ভোলানাথ মন্ডলের কুটুম বলে জানা গেছে|

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, প্রাচীন একটি সীমানা পিলার কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ভোলানাথ মন্ডলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়| এ সময় তার বসতবাড়ির পাশের একটি মাটির ঘরে গর্ত করে লুকিয়ে রাখা পিলারটি উদ্ধার করা হয়|

পুলিশ জানায়, চক্রের সদস্যরা পিলারটির ঐতিহাসিক মূল্য ও সত্যতা যাচাইয়ের জন্য মাটি খুঁড়ে সেটি বের করছিলেন| ঠিক সেই সময় পুলিশ অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে| ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে|

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার হওয়া যাদব সরকার দাবি করেন, বটিয়াঘাটা উপজেলার পোদলা গ্রামের জাকির হোসেন নামে এক ব্যক্তি তাকে পিলারটি পরীক্ষা-নিরীক্ষার জন্য সেখানে পাঠিয়েছিলেন|

পুলিশের ধারণা, ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক মূল্যসম্পন্ন এই সীমানা পিলারটি অবৈধভাবে বিক্রির চেষ্টা চলছিল| উদ্ধার হওয়া পিলারটিতে ১৮১৮ সালের নির্মাণকাল উল্লেখ রয়েছে, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলের স্মারক হিসেবে বিবেচিত হতে পারে|

এবিষয়ে তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আরও জানান, গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে| শনিবার তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়| একই সঙ্গে উদ্ধার হওয়া ঐতিহাসিক সীমানা পিলারটি সংরক্ষণ এবং এর প্রকৃত ঐতিহাসিক মূল্য যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া চলমান রয়েছে|

৬ জুন ২০২৬
তালায় প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার, উদ্ধার ঐতিহাসিক সীমান্ত পিলার ও মোটরসাইকেল