তালায় ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ’-এর বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজি: প্রতিকার চেয়ে অভিযোগ

Date:

Share:

পাটকেলঘাটা প্রতিনিধিঃঃ
তালার কাপাসডাঙ্গা অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ’-এর বিরুদ্ধে অপপ্রচার ও অবৈধ চাঁদা দাবির প্রতিবাদে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারস্থ হয়েছেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর শাহিন হোসেন। ঘটনার সুষ্ঠু প্রতিকার ও জড়িতদের কঠোর শাস্তির দাবিতে তিনি জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং র‌্যাব-৬ কার্যালয়ে পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সাফল্য ও সুনাম ক্ষুণ্ন করতে একটি স্বার্থান্বেষী মহল এবং কতিপয় তথাকথিত ‘নামধারী সাংবাদিক’ দীর্ঘদিন ধরে চক্রান্ত করে আসছে। তারা এমডির কাছে অবৈধ সুবিধা ও মোটা অঙ্কের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয়, কোনো প্রকার সত্যতা যাচাই ছাড়াই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও কতিপয় মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

তালার উপজেলার পাটকেলঘাটার থানার কাপাসডাঙ্গার ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ’ ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মীর শাহিন হোসেন জানান, তুবা পাইপ অ্যান্ড ফিটিংস দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে। গ্রাহকদের আস্থাই আমাদের মূল মূলধন। ইতিমধ্যে তিনি ২০২২-২০২৩ অর্থ বছরের খুলনাঞ্চলের সেরা করদাতা হিসাবে পুরষ্কার প্রাপ্ত হয়েছেন। কিন্তু একটি চিহ্নিত চাঁদাবাজ চক্র ও নামধারী সাংবাদিক অবৈধ সুবিধা না পেয়ে মনগড়া তথ্য ছড়িয়ে আমাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি আরও যোগ করেন, বস্তুনিষ্ঠতা সাংবাদিকতার মূল ভিত্তি হলেও কোনো যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করে চাঁদা দাবি করা চরম অনৈতিক এবং মারাত্মক অপরাধ। ভিত্তিহীন সংবাদের মাধ্যমে মানহানি ও চাঁদাবাজির বিরুদ্ধে ইতিমধ্যে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।

মীর শাহিন হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, অবিলম্বে এ ধরনের অপপ্রচার বন্ধ না হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইসিটি আইনসহ কঠোর সিভিল ও ক্রিমিনাল আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

স্থানীয় ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থানে অবদান রাখা একটি শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তায় ভুয়া সাংবাদিকতা ও চাঁদাবাজির বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

৪ আগস্ট ২০২৬
তালায় ‘তুবা পাইপ অ্যান্ড ফিটিংস ’-এর বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদাবাজি: প্রতিকার চেয়ে অভিযোগ