মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ ৩ সাংবাদিক নেতার আকস্মিক পদত্যাগ

Date:

Share:

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ ৩ সাংবাদিক নেতার আকস্মিক পদত্যাগ

চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ

নেত্রকোনার মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতন এবং সহ-সভাপতি ইন্দ্রজিত সরকার তারা তাদের পদ থেকে আকস্মিক পদত্যাগ করেছেন।

প্রেসক্লাবের ওই তিন নেতা সম্প্রতি প্রেসক্লাবের উপদেষ্টা ও মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুনের কাছে পৃথকভাবে পদত্যাগপত্র জমা দেন।

 

ইউএনও ও প্রেসক্লাবের উপদেষ্টা আমেনা খাতুন পদত্যাগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

 

জানা গেছে, ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি মোহনগঞ্জ প্রেসক্লাবের বর্তমান কমিটি গঠন করা হয়। শুরুতে ক্লাবের কার্যক্রম স্বাভাবিক থাকলেও পরে অভ্যন্তরীণ নানা বিরোধ দেখা দেয়।

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের ডিসেম্বরে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে অনুষ্ঠিত এক সভায় সভাপতি, সাবেক সভাপতিসহ ক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের দুই সদস্য অন্য সদস্যদের উদ্দেশে অশালীন ভাষায় গালাগাল ও অপমানজনক আচরণ করেন। এ ঘটনায় কার্যকরী কমিটির দুই সদস্য সভাপতির কাছে লিখিত অভিযোগ দিলেও অভিযোগের বিষয়ে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি। এরপর থেকেই ক্লাবে অস্থিরতা ও বিভক্তি বাড়তে থাকে।

 

এরই মধ্যে চলতি বছরের ২১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভয়ংকর মাদক রেক্টিফায়েড স্পিরিটসহ তিনজনকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় প্রেসক্লাবের ওই দুই সদস্যের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। পরে তাদের ছবিসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

 

প্রেসক্লাবের একাধিক সদস্যের দাবি, অসদাচরণ ও মাদক-সংশ্লিষ্টতার অভিযোগে অভিযুক্ত দুই সদস্যের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার বিষয়ে জটিলতা এবং সম্ভাব্য চাপের কারণেই সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তিন নেতা পদত্যাগ করেছেন।

 

আজ সোমবার (২৯ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রেসক্লাবের উপদেষ্টা আমেনা খাতুন বলেন, “সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগপত্র পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”

৩০ জুন ২০২৬
মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদকসহ ৩ সাংবাদিক নেতার আকস্মিক পদত্যাগ