কাঁঠালতলা বাজার বণিক সমিতির নির্বাচন: শেষ মুহূর্তের প্রচারে সরগরম ডুমুরিয়া, উৎসবে মেতেছেন ব্যবসায়ীরা
জাহাঙ্গীর আলম (মুকুল), ডুমুরিয়া | খুলনা
খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী কাঁঠালতলা বাজার বণিক সমিতির ২০২৬ সালের নির্বাচনকে কেন্দ্র করে ব্যবসায়ী ও ভোটারদের মাঝে এখন তুমুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, প্রার্থীদের প্রচারণায় ততই সরগরম হয়ে উঠছে পুরো বাজার এলাকা। আগামী ২৫ জুন বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মাঝে চলছে নানা চুলচেরা বিশ্লেষণ।
নির্বাচন পরিচালনা কমিটির দেওয়া তথ্য অনুযায়ী, মোট ৩২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্ধারণ করবেন। সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কাঁঠালতলা কাঁচাবাজার সংলগ্ন নির্বাচন কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ৬টি পদে প্রার্থীরা ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তবে মূল লড়াই এখন জমে উঠেছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের জন্য।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ মাহাবুব রহমান (উথান) যিনি ‘ছাতা’ প্রতীক নিয়ে লড়ছেন এবং মো. তৌফিকুল ইসলাম যিনি ‘চেয়ার’ প্রতীক নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন।
সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে রায়হান মোড়ল (‘মাছ’ প্রতীক) এবং মো. হাসান শেখ (‘ফুটবল’ প্রতীক)-এর মধ্যে। জয় নিশ্চিত করতে উভয় প্রার্থীই দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
এছাড়াও সহ-সভাপতি পদে চলছে ত্রিমুখী লড়াই। সহ-সভাপতি পদে মো. নজরুল শেখ (আনারস), মো. আসাদুজ্জামান মোড়ল (টিয়া পাখি) ও মো. ইলিয়াজ মালী (আম) এবং কোষাধ্যক্ষ পদে হাফিজুর রহমান শেখ (কলম) ও গাজী মুক্তার হুসাইন (গোলাপ ফুল) প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এরই মধ্যে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আবদুল্লাহ মোল্যা, সাংগঠনিক সম্পাদক পদে মো. আতাউর রহমান, দপ্তর সম্পাদক পদে মো. মামুনুর রশিদ, প্রচার সম্পাদক পদে মো. রশিদ গাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে গোপী নাথ রাহা এবং কার্যনির্বাহী সদস্য পদে মো. মোস্তাক বিশ্বাস ও মো. তরিকুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. বেলাল হোসাইন ও সাধারণ সম্পাদক মো. আজাহারুল ইসলাম জানান, নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণের লক্ষ্যে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম আব্দুর রাজ্জাক এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাকির হোসেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. বেলাল হোসাইন বলেন, “কাঁঠালতলা বাজার বণিক সমিতির নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। ভোটাররা তাদের মূল্যবান মতামতের ভিত্তিতে যোগ্য নেতৃত্ব নির্বাচন করবেন বলে আমরা আশা করছি। এছাড়া নির্বাচন প্রক্রিয়া নির্বিঘ্ন করতে ডুমুরিয়া থানা পুলিশ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন।
নির্বাচনের আর মাত্র ৫ দিন বাকি থাকায় প্রার্থী এবং সমর্থকদের পদচারণায় এখন মুখরিত কাঁঠালতলা বাজার এলাকা। শেষ মুহূর্তের এই প্রচারণায় কে হাসবেন বিজয়ের হাসি, তা জানতে এখন ২৫ জুনের অপেক্ষায় স্থানীয় ব্যবসায়ীরা।
