খুলনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় শিক্ষার্থী ও সুশীল সমাজের অঙ্গীকার
খুলনা প্রতিনিধি
‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ আলোচনা সভা। প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার পাশাপাশি মাদক ও বাল্যবিবাহমুক্ত একটি সুস্থ সামাজিক পরিবেশ গড়ার লক্ষ্যে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বক্তারা।
পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলার আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় বুধবার আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি সামাজিক অপরাধ হিসেবে মাদক ও বাল্যবিবাহের বিরুদ্ধে কঠোর সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (এ এন্ড এফ) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই সংকট মোকাবিলায় কেবল বৃক্ষরোপণ বা দূষণ নিয়ন্ত্রণই যথেষ্ট নয়, বরং সমাজ থেকে মাদক ও বাল্যবিবাহের মতো অভিশাপ দূর করে একটি সুস্থ সামাজিক পরিবেশ নিশ্চিত করাও জরুরি। এই লক্ষ্য অর্জনে তরুণদের শিক্ষিত ও সচেতন করে তোলাই বর্তমান সময়ের প্রধান দায়িত্ব।
বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান রাকিবুজ্জামান সরদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মলয় ভূষণ চক্রবর্তী: উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনা জেলা।
মোঃ মিজানুর রহমান মিজি: এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এন্ড জোনাল হেড, ইসলামী ব্যাংক পিএলসি, খুলনা অঞ্চল।
এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপ-পরিচালক মোঃ কামরুজ্জামান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ হারুন-অর-রশীদ, খালিশপুর জোনের সহকারী পুলিশ কমিশনার গোপী কিশোর রায়, ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছাঃ মাহমুদা খাতুন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল, অ্যাডভোকেট শেখ অলিউল ইসলাম এবং খানজাহান আলী বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ইঞ্জিঃ মোঃ আবুল কালাম আজাদসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোবারক আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি রাকিবুজ্জামান সরদার তার বক্তব্যে বলেন, “জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা করা আমাদের অস্তিত্বের লড়াই। পরিবেশ সুরক্ষা কেবল দাপ্তরিক কাজ নয়, এটি একটি সামাজিক আন্দোলন। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা মাদক ও বাল্যবিবাহের মতো অন্ধকার থেকে মুক্ত রাখতে পারি, তবেই তারা একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়তে সক্ষম হবে। আজকের এই আলোচনা থেকে প্রাপ্ত শিক্ষাগুলো কেবল সভায় সীমাবদ্ধ না রেখে প্রতিটি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়ার আহ্বান জানাই।
