তালায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবা ব্যবসায়ী দম্পতিসহ গ্রেপ্তার ৪

Date:

Share:

গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার দলুয়া বাজারে সেনাবাহিনী একটি টিম অভিযান চালিয়ে ৩ জন পুরুষ ও ১ জন নারীসহ মোট ৪ জন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে । শুক্রবার (২৭ জুন) রাত ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—তালার টিকারামপুর গ্রামের মকবুল গাজীর পুত্র ও খলিষখালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিবর রহমান, একই গ্রামের মোহর আলী সরদারের পুত্র ও ইয়াবা কারবারের হোতা হিসেবে পরিচিত আর এক্স রানা রাজ ও তার স্ত্রী, এবং হাবিবুর রহমান সরদারের পুত্র সোলাইমান সরদার।

অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাঁজা, গাঁজা সেবনের সরঞ্জাম এবং নগদ ১২ হাজার টাকা। আটকের পর আসামিদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় ইউপি সদস্য সোলাইমান সরদার তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

সেনা ক্যাম্পের মেজর ইফতেখার রহমান জানান, ‘জুলাই আন্দোলনের পর থেকে ওই এলাকায় চাঁদাবাজি ও মাদক কার্যক্রম চালিয়ে আসছিল তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ চারজনকে আটক করা হয়।’

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রানা রাজ ও তার স্ত্রী মিলে আজিবর রহমানের সঙ্গে ইয়াবা ব্যবসা চালিয়ে আসছিলেন। বিষয়টি এলাকাবাসীর মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, যা সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান চার জনের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।