সত্য গোপন করে তালা যুব জামায়াত নেতার সংবাদ সম্মেলন : ক্রয়কৃত জমি দখল না করে জবরদখল করেন ভিন্নমালিকের জমি
প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরার তালা সদরের মাঝিয়াড়া বাজারে জমিজমা সংক্রান্ত বিরোধকে ঘিরে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টু। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে মাঝিয়াড়া বাজারে তর্কিত জমির উপর এই সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে মোস্তাফিজুর রহমান রেন্টু দাবি করেন, মাঝিয়াড়া মৌজায় ১১ শতক জমি ক্রয়ের পর থেকে ভোগ দখল করে আসছে তার পরিবার। পরবর্তীতে কাজী রেজাউল্লাহ্’র নিকট থেকে বেসরকারি উন্নয়ন সংস্থা উন্নয়ন প্রচেষ্টা ১২ শতক ও এস.এম নজরুল ইসলাম ১৩ শতক জমি ক্রয় করেন। ওই জমির উপর দিয়ে তালা-পাটকেলঘাটা সড়ক চলে যাওয়ায় জমির বর্তমান অবস্থান ও সীমানা নিয়ে জটিলতা তৈরী হয়েছে। তিনি দাবি করেন, আমাদের জমি দখল করার চেষ্টা করছেন নজরুল ইসলাম। দাবি করা হয়, নজরুল ইসলাম আ.লীগের সঙ্গে সখ্যতা রেখে যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টুকে অর্ধশত মামলায় জড়ানো ও ক্রসফায়ারে হত্যার পরিকল্পনাও করেছিলেন।
যুব জামায়াত নেতার সংবাদ সম্মেলন ও অভিযোগের বিষয়ে নজরুল ইসলামের বক্তব্য :
মাঝিয়াড়া বাজারের সম্পত্তিকে ঘিরে তালা যুব জামায়াত সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু প্রকৃত সত্য গোপন করে সাংবাদিক সম্মেলন করে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলেছেন। প্রকৃত ঘটনা হলো, যুব জামায়াতের সভাপতির বাবা ও চাচারা মিলে ১১ শতক জমি ক্রয় করেন কুঞ্জ বিহারীর ছেলে সুনীল নন্দী ও মনোরজ্ঞন নন্দীর নিকট থেকে। ১০৩৭ নম্বর খতিয়ানে জরিপে তাদের নামে রেকর্ড রয়েছে। এস এম নজরুল ইসলাম ১৩ শতক জমি ক্রয় করেন কাজী রেজাউল্ল্যাহ্’র নিকট থেকে। জরিপে রেকর্ডপ্রাপ্ত হন ১০৭২ খতিয়ানে। যুব জামায়াত নেতার বাবা ও চাচারা কুঞ্জ বিহারী নন্দীর ওয়ারেশ সুনীল নন্দী ও মনোরঞ্জন নন্দীর অংশ দখল না করে কাজী রেজাউল্ল্যাহ্’র (খরিদ সুত্রে নজরুল ইসলাম) জমি দখল করেন।
উমাচরণ পালের অংশ রেজাউল্লাহ্ ক্রয় করার পর ইটের বাউন্ডারী, প্রাচীর দিয়ে দখলে ছিলেন। যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টুর বাবা মোমিন উদ্দীন সরদার জমি ক্রয়ের পর দলিলে উল্লেখিত অংশ দখল না করে কাজী রেজাউল্লাহ্’র জমির প্রাচীর ভেঙে ইট বাড়িতে নিয়ে যান এবং জমি দখল করে নেন। এনিয়ে কাজী রেজাউল্লাহ্ তৎকালীন সময়ে অবৈধ দখল উচ্ছেদ করতে তালা সহকারি জজ আদালতে ১২৯/৯৯ নম্বর দেওয়ানী মামলা দাখিল করেছিলেন। তবে কাজী রেজাউল্লাহ্ সরকারি প্রকৌশলী ছিলেন। মামলাটির চূড়ান্ত শুনানীতে আদালতে হাজির না থাকায় আদালত মামলাটি খারিজ করে দেন।
তর্কিত এই জমির বিষয়ে আরও উল্লেখ্য করা প্রয়োজন, ১৯৬০ সালে সাতক্ষীরা তৃতীয় মুনছেপ আদালতে ভাগ্যধর দত্ত বাদী হয়ে দেওয়ানী ৬৯/১৯৬০ নম্বর এক বাটোয়ারা মামলা দাখিল করেছিলেন। সেই বাটোয়ারা মামলায় তিন নম্বর বিবাদী উমাচরণ পাল, ৪ নম্বর বিবাদী কুঞ্জ বিহারী নন্দী। ১৯৬০ সালের ১৭ ডিসেম্বর পক্ষগণের মধ্যে আপোষনামা দাখিল করে মামলাটি সোলেনামা মূলে ডিগ্রী হয়। রায়ের মধ্যে স্কেস ম্যাপে উল্লেখ রয়েছে পূর্ব পার্শ্বে ০.২৫ শতক উমাচরণ পাল। বাদী ভাগ্যধর উত্তর পার্শ্বে ৫২ শতক। ৪ নম্বর বিবাদী কুজ্ঞ বিহারী নন্দী দক্ষিণপার্শ্বে ০.৭৯ শতক, রায় ডিগ্রী হয়।
সে মতে কুঞ্জ বিহারী নন্দীর ছেলেদের নিকট থেকে মোস্তাফিজুর রহমান রেন্টুর বাবা মোমিন সরদার ও তার দুই চাচা ১৯৯৫ সালে ১১ শতক জমি ক্রয় দলিলে পূর্বপার্শ্বে কাজী রেজাউল্লাহ্ উল্লেখ রয়েছে। ১৯৬০ সালের ৬৯/৬০ নম্বর বাটোয়ারা মামলার ডিগ্রীতেও পূর্ব পার্শ্বে উমাচরণ পাল ক্রয় সুত্রে রেজাউল্লাহ। রেজাউল্লাহ্ থেকে ক্রয় সুত্রে এস.এম নজরুল ইসলাম। যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমানের বাবা ও চাচারা জমি ক্রয়ের পর দলিলে উল্লেখিত অংশ দখল না করে কাজী রেজাউল্লাহ্’র অংশ জবর দখল করে আছেন। প্রতিকারের জন্য সাতক্ষীরা যুগ্ম জেলা জজ আদালতে দেওয়ানী ১২৮/২৪ বাটোয়ারা মামলা দাখিল করেছেন নজরুল ইসলাম। মামলাটি আদালতে চলমান রয়েছে।
অর্ধশত মামলা দেওয়া ও ক্রসফায়ার দিয়ে হত্যা চেষ্টার দাবি বিষয়ে নজরুল ইসলামের বক্তব্য :
সংবাদ সম্মেলনে দাবি করা হয়েছে তৎকালীন সময়ে আ.লীগের সঙ্গে সখ্যতা গড়ে আমি অর্ধশত মামলা দিয়েছি এবং ক্রসফায়ার দিয়ে হত্যা চেষ্টার পরিকল্পনা করেছি যুব জামায়াত নেতা মোস্তাফিজুর রহমান রেন্টুকে। এই বক্তব্য সম্পূর্ণরুপে কাল্পনিক ও মনগড়া। তার বিরুদ্ধে আদৌ এত মামলা রয়েছে কিনা সেটি যাচাই করলেই সঠিক তথ্য প্রমাণ পাওয়া যাবে। বরং তৎকালীন সময়ে আমি তালা সদর ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে বিএনপি ও জামায়াতের অগণিত নেতাকর্মী সমর্থককে হয়রানিমূলক মামলা থেকে রক্ষা করেছি। ২০১১ থেকে ২০১৬ সাল পর্যন্ত তালা সদর ইউনিয়নে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের পুলিশী হয়রানি হতে দেইনি, যে কোন মানুষের বিপদে তাদের পাশে থেকেছি। আ.লীগ সরকারে থাকাকালীন সময়ে আমাকেই ক্রসফায়ারে হত্যা চেষ্টা করা হয়েছিল। তালার রাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই সেই ঘটনা জানেন। সে সময়ে আমি পুলিশ সদর দপ্তরসহ সরকারের বিভিন্ন দপ্তরে ঘটনাবলি লিখিতভাবে জানায়, দীর্ঘ আট মাস ঘরবাড়ি ছাড়া থেকেছি। আমার লিখিত অভিযোগের পর পুলিশ সদর দপ্তর, উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের সরাসরি হস্তক্ষেপে যাচাই বাছাই শেষে আমি প্রাণে রক্ষা পায়। আমার বিরুদ্ধেই চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, চুরিসহ ৭/৮টি মামলা হয়েছে তৎকালীন আ.লীগ সরকারের সময়ে। স্পষ্টই বোঝা যায়, যুব জামাত নেতা যে দাবি করেছেন তার সঙ্গে বাস্তবতার মিল নেই। প্রকৃতপক্ষে ক্রয়কৃত আমার জামি তারাই দখল করে রয়েছে। সত্য গোপন করে মনগড়া বক্তব্য উপস্থাপন করে দলীয় ও জনমত পাওয়ার চেষ্টা করছেন। আমি এই জমিজমা সংক্রান্ত বিষয়টি সুষ্ঠ ও নিরপেক্ষভাবে প্রতিকার পাওয়ার জন্য জেলা জামায়াত নেতৃবৃন্দের নিকটও লিখিতভাবে আবেদন করেছি, আইন আদালতের শরণাপন্ন হয়েছি। যুব জামায়াত নেতার ছড়ানো বিভ্রান্তিকর অপতথ্যে বিভ্রান্ত না হওয়ার আহব্বান জানাচ্ছি।
