মোহনগঞ্জে চেক ডিজঅনার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে একটি চেক ডিজঅনার মামলায় আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি আ.লীগ নেতা লিটন তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি হাফিজুল ইসলাম হারুন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে পৌর শহরের নওহাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিটন তালুকদার উপজেলার গাগলাজুর ইউনিয়নের গেইরাহাইর গ্রামের মৃত সিরাজ উদ্দিন তালুকদারের ছেলে এবং তিনি ওই ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও উপজেলা আ.লীগেরও সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আ.লীগ নেতা লিটন তালুকদার স্থানীয় একটি ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ নিয়েছিলেন। ঋণের বিপরীতে তিনি নিজের ব্যাংক হিসাবের একটি চেক জমা রাখেন। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে চেক ডিজঅনারের মামলা করে। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ওসি হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এনআই অ্যাক্টের (চেক ডিজঅনার) মামলায় লিটন তালুকদারের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’###
চয়ন চৌধুরী
মোহনগঞ্জ, নেত্রকোনা
০১৭১৮-৭৫৫৭৭১
১৬-১০-২০২৬ ইং।
