খালিয়াজুরীর ধনু নদে চাঁদাবাজির দায়ে দুই ব্যক্তির ২০ হাজার টাকা অর্থদন্ড

Date:

Share:

খালিয়াজুরীর ধনু নদে চাঁদাবাজির দায়ে দুই ব্যক্তির ২০ হাজার টাকা অর্থদন্ড

চয়ন চৌধুরী, খালিয়াজুরী থেকেঃ

নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ধনু নদে বালু, পাথর ও কয়লাবাহী বাল্কহেডসহ বিভিন্ন নৌযান থেকে চাঁদা আদায়ের দায়ে দুই ব্যক্তির কাছ থেকে ২০ হাজারটাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে বুধবার সন্ধ্যায় ইউএনও’র নেতৃত্বে উপজেলার জগন্নাথপুর গ্রামের সামনে ধনু নদে অভিযান চালিয়ে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. মুখলেছ মিয়া (৫০) ও একই গ্রামের ইমন মিয়া (৩২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে ছোট ইঞ্জিল চালিতযোগে ধনু নদে চলাচলকারী বালু, পাথর ও কয়লাবাহী বাল্কহেড নৌকাসহ বিভিন্ন মালবাহী নৌযান আটকিয়ে জোরপূর্বক তাদের কাছ থেকে ৫০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। আর এ চক্রটি ওই নদের
নির্দিষ্ট কয়েকটি স্থানে নৌকা নিয়ে অবস্থান করে এ ভাবে চাঁদাবাজির কার্যক্রম চালিয়ে আসছিল তারা।

স্থানীয়দের ভাষ্য, লেপসিয়া থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট বাজারের সামনের অংশ পর্যন্ত ধনু নদের বিভিন্ন স্থানে কয়েকটি দলে ভাগ হয়ে চাঁদা আদায় করে আসছে ওই চক্রটি।

ইউএনও অলিদুজ্জামান বলেন, ধনু নদে চলাচলকারী বাল্কহেড থেকে চাঁদা আদায়ের খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ধনু নদে চাঁদা আদায় বন্ধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

১৬ অক্টোবর ২০২৬
খালিয়াজুরীর ধনু নদে চাঁদাবাজির দায়ে দুই ব্যক্তির ২০ হাজার টাকা অর্থদন্ড