খালিয়াজুরীর হাওরে বজ্রপাতে হাঁস খামারীর মৃত্যু
চয়ন চৌধুরী, খালিয়াজুরী থেকেঃ
নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় হাওরে হাঁস নিয়ে যেতে গিয়ে মো. শফিক শেখ (২৮) নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে।
এ সময় তার খামারের ৪০-৫০টি হাঁসও বজ্রপাতে পুড়ে মারা যায়।
আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকল সাড়ে নয়টার দিকে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও গ্রামের সামনের পাওকাটার হাওরে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত শফিক শেখ সাতগাঁও পশ্চিম পাড়া গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য মো. ইসহাক শেখের ছেলে এবং তিনি একজন সফল হাঁস খামারী ছিলেন।
নিহতের চাচা মো. আশরাফুল শেখ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, হাঁস খামারি শফিক শেখ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে প্রতিদিনের ন্যায় বাড়ির সামনের ‘পাওকাটার’ হাওরে হাঁস নিয়ে যান। এ সময় গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি মধ্যে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই শফিক শেখের মৃত্যু হয় এবং ঘটনাস্থলেই পড়ে থাকেন তিনি। পরে বাড়ির লোকজন বৃষ্টি থামার পর সকাল দশটার দিকে ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। এসময় সেখানে তার খামারের ৪০-৫০টি হাঁসও বজ্রপাতে মরে পড়ে রয়েছে বলেও তিনি জানান।
আশরাফুল শেখ আরও জানান, নিহত শফিক শেখ তিন মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও তিন বছর বয়সী এক কন্যা শিশু রেখে গেছেন।
এ বিষয়ে জানতে বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে খালিয়াজুরী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, খবরটি মাত্রই পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।###
