মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই’ মোহনগঞ্জে মাদক বিরোধী আলোচনাসভায় বক্তারা

Date:

Share:

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই’
মোহনগঞ্জে মাদক বিরোধী আলোচনাসভায় বক্তারা

চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ

নেত্রকোনার মোহনগঞ্জে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকেলে পৌর শহরের নওহাল এলাকায় “সোণালী সমাজ কল্যাণ সমিতি” নামে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ও পৌর শহরের নওহাল-পশ্চিম টেঙ্গাপাড়া এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় এ মাদক বিরোধী আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন, মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন ও উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্নায়েণ।
সোনালী সমাজ কল্যাণ সমিতির সভাপতি আনিসুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও সমিতির অন্যতম সদস্য তরিকুল ইসলাম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় বক্তব্য রাখেন,
পৌর বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক মাসুম, উপজেলা সড়ক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি নুরুল আমীন নুরেছ, নওহাল গ্রামের বাসিন্দা ও উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বারিন কার্নায়েণ, পৌরসভার সাবেক কাউন্সিলর সুমন মিয়া, সমাজ সেবক আবু সাঈদ প্রমূখ।
বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরেই এখন মাদকের ছড়াছড়ি। ব্যাপক হারে মাদকের বিস্তার লাভ করার ফলে এলাকায় চুরি, ছিনতাইসহ সামাজিক বিভিন্ন অপরাধ দিন-দিন বেড়েই চলেছে। এ ছাড়াও স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও মাদকের সাথে জড়িয়ে পড়ছে। এভাবে চলতে থাকলে এলাকার যুব ও তরুণ সমাজসহ আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে পতিত হবে।
বক্তারা আরও বলেন, মাদকের হাত থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে পুলিশের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই এলাকার সকলকেই মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রতি আহবান জানান বক্তারা।
আলোচনা সভায় নওহাল ও পশ্চিম টেঙ্গাপাড়া এলাকার রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় পাঁচ শতাধিক লোক শতস্ফুর্তভাবে অংশ গ্রহণ করেন।

১৫ সেপ্টেম্বর ২০২৬
মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধের বিকল্প নেই’ মোহনগঞ্জে মাদক বিরোধী আলোচনাসভায় বক্তারা