মোহনগঞ্জে খালের পানিতে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জে খালের পানিতে ডুবে মোহাম্মদ আলী (১১) নামে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের টেঙ্গাপাড়া খালের পানিতে ডুবে মৃত্যু হয় তার।
নিহত শিশু মোহাম্মদ আলী উপজেলার বড়কাশিয়া-বিরামপুর ইউনিয়নের পানুর গ্রামের আশিকুল ইসলামের ছেলে এবং সে পানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শিশু মোহাম্মদ আলীকে গ্রামের বাড়িতে তার দাদা আবু তাহেরের কাছে রেখে তার বাবা-মা কর্মের তাগিদে ঢাকায় অবস্থান করেন। শিশু মোহাম্মদ আলী পানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত।
বুধবার দুপুরে শিশু মোহাম্মদ আলী বাড়ির পাশের টেঙ্গাপাড়ার খালে হাত মুখ ধুতে গিয়ে সে পানিতে তলিয়ে যায়। তবে তার মৃগী রোগ থাকায় সে খালের পানি থেকে আর ঠানে উঠতে না পেরে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে বাড়ির লোকজন তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই খালের পানিতে ভাসমান অবস্থায় তাকে দেখতে পায় এবং দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকা। ময়নাতদন্ত ছাড়াই শিশুটির লাশ দাফন করা হবে।###
