ধর্মপাশায় আকস্মিক অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাঁই
চয়ন চৌধুরী, ধর্মপাশা থেকেঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মহদিপুর বাজারে আকস্মিক এক অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ দোকানঘর পুড়ে ছাঁই হয়ে গেছে।
মঙ্গলবার ভোর চারটার দিকে বাজারের ব্যবসায়ী কৃপেশ চন্দ্র সরকারের মার্কেটে থাকা ওই পাঁচটি দোকানঘর পুড়ে ভস্মীভূত হয়।
এ অগ্নিকান্ডের ঘটনায় পাঁচ ব্যবসায়ীর ৮-১০ লক্ষ টাকার মালামালসহ মার্কেট মালিকের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
মঙ্গলবার রাত আটটার দিকে ধর্মপাশা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে মহদিপুর বাজারের কৃপেশ চন্দ্র সরকারের মার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে তা মূহুর্তের মধ্যেই ওই মার্কেটের পাঁচটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ধর্মপাশা ফায়ার সার্ভিসে লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা ব্যাপী সময় চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ওই মার্কেটে থাকা গনেশ চন্দ্র সরকারের মোদির দোকান, শাহিন মিয়ার মোদির দোকান, মোবারক হোসেন মানিকের ওষুধের দোকান পরিতোষের সেলুন ও গৃবেশ চন্দ্র সরকারের সেলুন সম্পূর্ণ পুড়ে যায়। এতে তাদের ৮-১০ লাখ টাকার মালামালসহ মার্কেটের প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয় বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।
ধর্মপাশা ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। তবে খবর পেয়ে আমরা যথা সময়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৫০ মিনিট চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, এ অগ্নিকান্ডে পাঁচ ব্যবসায়ীর প্রায় ৮ লাখ টাকা ও মার্কেট মালিকের আরও প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি।
