ঘুষ, দুর্নীতিকাণ্ডে স্ট্যান্ডরিলিজ হওয়া সেই ভূমি কর্মকর্তা স্ট্যান্ডরিলিজ হয়ে আবারো ফিরলেন তালায়
তালা প্রতিনিধি
সাতক্ষীরায় ঘুষ, দুর্নীতিকাণ্ডে স্ট্যান্ডরিলিজ হওয়া সেই ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা আনিছুর রহমানকে আবারো স্ট্যান্ডরিলিজ করে পদায়ন করা হয়েছে তালায়। গেল ৩ সেপ্টেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের রেভিনিউ ডেপুটি কালেক্টর সাইফূল ইসলাম স্বাক্ষরিত পত্রে তাকে তালা ইউনিয়ন ভূমি অফিসে পদায়ন করা হয়।
পত্রে ৬ সেপ্টেম্বরের মধ্যে জেলার আশাশুনির শোভনালী ইউনিয়ন ভূমি অফিস থেকে তালা সদর ইউনিয়ন ভূমি অফিসে যোগদান করতে নির্দেশনা দেওয়া হয়। অন্যথায় ১০ সেপ্টেম্বর স্ট্যান্ডরিলিজ হিসেবে গণ্য হবে। পত্রে আরও দুই ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তাকে দুর্নীতিকাণ্ডে স্ট্যান্ডরিলিজ করে অন্যত্র বদলী করা হয়েছে।
এর আগে ২০২২ সালের ৯ অক্টোবর তালা সদর ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আনিছুর রহমানের বিরুদ্ধে নথিপত্র জালিয়াতি, ঘুষ দুর্নীতির অভিযোগ উঠে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারের পর কর্মস্থল থেকে স্ট্যান্ডরিলিজ হন এই কর্মকর্তা।
তৎকালীন সময়ে তার বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগ ছিল, নামজারি, খাজনা দাখিলার জন্য ১০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেন কর্মকর্তা আনিছুর রহমান। ঘুষ উত্তোলনের জন্য অফিসটিতে রাখেন নিজের শ্যালক আলতাফ হোসেনসহ দালাল চক্র। নথিপত্র জালিয়াতির ঘটনা ধরা পড়ে ইসলামকাটি রেজিষ্ট্রি অফিসে। ঘুষের জন্য এমনকি শুক্রবারও অফিস খুলে কার্যক্রম চালাতেন শ্যালক আলতাফ হোসেন।
এদিকে, ঘুষ দুর্নীতিকাণ্ডে স্ট্যান্ড রিলিজ হওয়া সেই কর্মকর্তাকে আবারো তালা সদর ইউনিয়নে পদায়ন করায় ক্ষুব্ধ স্থানীয়রা।
