তালায় প্রতিপক্ষের হামলায় গরু ব্যবসায়ী আহত, ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Date:

Share:

তালায় প্রতিপক্ষের হামলায় গরু ব্যবসায়ী আহত, ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের দোহার (আমড়াডাঙ্গা) গ্রামে পূর্ববিরোধের জেরে এক গরু ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছ থেকে গরু বিক্রির নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, দোহার (আমড়াডাঙ্গা) গ্রামের গরু ব্যবসায়ী মো. গাউছুল শেখ (৪৮) বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা আনুমানিক আড়াইটার দিকে খর্নিয়া হাটে গরু বিক্রি করে নগদ তিন লাখ টাকা নিয়ে বাড়িতে ফেরেন। বাড়িতে একা থাকার সুযোগে পূর্ববিরোধের জের ধরে একই গ্রামের মো. আবুল খায়ের শেখ (২৮), মো. সিদ্দিক শেখ (৫৫), মো. আয়ুব আলী শেখ (৫০) ও মো. মশিয়ার শেখ (২৪) দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা ধারালো অস্ত্র, দা ও লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে গাউছুল শেখের ওপর হামলা চালান। হামলাকারীদের একজন ধারালো কুড়াল দিয়ে তার মাথায় কোপ দেওয়ার চেষ্টা করলে সেটি নাকের ওপর লাগে। এতে তার নাক ও নাকের হাড় কেটে গুরুতর রক্তাক্ত জখম হয়।
এ ছাড়া অপর একজনের ধারালো দার আঘাতে তার বাম চোখের ওপরের কপাল কেটে যায় এবং লোহার রডের আঘাতে ডান চোখের ওপরের কপাল ফেটে রক্তাক্ত জখম হয়। হামলার একপর্যায়ে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা গাউছুল শেখের কোমরে থাকা গরু বিক্রির নগদ তিন লাখ টাকা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
গাউছুল শেখের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে ঘটনার খবর পেয়ে তার ছেলে শেখ রিয়াজুল ইসলাম ঘটনাস্থলে এসে বাবার অবস্থা আশঙ্কাজনক দেখে স্থানীয়দের সহায়তায় ইজিবাইকে করে তালা সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা উচিত।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দীক বলেন, “অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

২১ আগস্ট ২০২৬
তালায় প্রতিপক্ষের হামলায় গরু ব্যবসায়ী আহত, ৩ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ