পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
…………………………………………………………………………
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পাইকগাছা-কয়রা আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জামায়াত নেতা আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম ইমদাদুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা। বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও খাদ্যনিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, টেকসই উৎপাদন বৃদ্ধি এবং চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছের রোগবালাই নিয়ন্ত্রণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। এ জন্য চাষিদের সরকারি সুযোগ-সুবিধা গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব ও আধুনিক পদ্ধতিতে মাছ চাষের আহ্বান জানানো হয়। অনুষ্ঠানের শেষপর্বে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনজন সফল চিংড়ি চাষিকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—এস এম ইমদাদুল হক, রেজাউল করিম পাড় ও কিশোর কুমার মণ্ডল। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, মৎস্যচাষি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
১৬ আগস্ট ২০২৬
পাইকগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
