কয়রায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

Date:

Share:

কয়রায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

কয়রা (খুলনা) প্রতিনিধি
:
“মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। ১৬ থেকে ১৮ আগস্ট পর্যন্ত চলবে এ কর্মসূচি।
রোববার (১৬ আগস্ট) কয়রায় জাতীয় মৎস্য পক্ষ- উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটি, কয়রা, খুলনার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির সভাপতি ও কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল বাকী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কয়রা উপজেলা মৎস্য কর্মকর্তা সমীর কুমার বলেন, “জাতীয় মৎস্য পক্ষের মূল উদ্দেশ্য হলো মৎস্য চাষিদের আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষে উদ্বুদ্ধ করা। কয়রার নোনা ও মিঠা পানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিরাপদ মাছ উৎপাদন ও রপ্তানি বাড়াতে হবে।”
তিনি বলেন, সরকারের পাশাপাশি মৎস্য চাষিদেরও এগিয়ে আসতে হবে। পুকুর ও ঘেরে সুষম খাবার প্রয়োগ, রোগ প্রতিরোধ এবং আইন মেনে পোনা অবমুক্ত করার মাধ্যমে দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব।
সমীর কুমার আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কয়রার উপকূলীয় এলাকায় সহনশীল প্রজাতির মাছ চাষে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট সবাইকে সচেতনভাবে কাজ করতে হবে।
আলোচনা সভায় স্থানীয় মৎস্য চাষি, জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের জন্য কয়েকজন সফল মৎস্য চাষিকে সম্মাননা প্রদান করা হয়।
জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচিতে মৎস্য প্রদর্শনী, র‌্যালি, পোনা অবমুক্তকরণ এবং মৎস্য চাষিদের নিয়ে প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়েছে।

১৬ আগস্ট ২০২৬
কয়রায় তিন দিনব্যাপী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন