কেশবপুরে ২২০ শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ ভাতার অর্থ বিতরণ

Date:

Share:

কেশবপুরে ২২০ শিক্ষক-কর্মচারীর অবসর
ও কল্যাণ ভাতার অর্থ বিতরণ

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বিতরণ কার্যক্রম ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট-২৬) কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে আয়োজিত মূল অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে জানানো হয়, অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ বাংলাদেশ সরকারের আইবাস (iBAS) ব্যবস্থার মাধ্যমে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে প্রদান করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কেশবপুরে মোট ২২০ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারী এ সুবিধার আওতায় ভাতা পেয়েছেন। আইবাস (iBAS) সফটওয়্যারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তাঁদের নিজ নিজ ব্যাংক হিসাবে অবসর ও কল্যাণ ভাতার অর্থ জমা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মেশকাতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, সাংবাদিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের অপেক্ষার পর অবসর ও কল্যাণ সুবিধার অর্থ পেয়ে অনুষ্ঠানে উপস্থিত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন। অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক কর্মকর্তা-কর্মচারী অবসরকালীন কল্যাণ ফান্ড প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করবেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

১৫ আগস্ট ২০২৬
কেশবপুরে ২২০ শিক্ষক-কর্মচারীর অবসর ও কল্যাণ ভাতার অর্থ বিতরণ